চীন সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর সঙ্গে বৈঠক করেছেন। রবিবার অনুষ্ঠিত এ বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গেছেন ল্যাভরভ। এর আগে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন দুই পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও ইউক্রেন সংকট নিরসনের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ, এসসিও, ব্রিকস, জি-২০ ও এপেকের মতো প্ল্যাটফর্মে রাশিয়া-চীনের ঘনিষ্ঠ সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের ঠিক আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং সফরে গেলে রাশিয়া ও চীন ‘সীমাহীন অংশীদারত্ব’ ঘোষণা করে। তখন থেকেই দুই দেশের কৌশলগত সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
চীনের প্রতি রাশিয়া এখন ‘ঘনিষ্ঠ মিত্র’ হিসেবে মনোভাব প্রকাশ করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনকে তাদের সবচেয়ে বড় প্রতিযোগী এবং রাশিয়াকে সবচেয়ে বড় রাষ্ট্রীয় হুমকি হিসেবে বিবেচনা করে।