ভারতে ৫ ও ১৮ শতাংশ হারে জিএসটি, মদ-সিগারেটে বাড়তি কর

নতুন অর্থনৈতিক সংস্কারের পথে এগোচ্ছে ভারতের মোদি সরকার। জিএসটির জটিল কাঠামো সরল করতে এবার বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, মোদি সরকারের এই প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। এখন থেকে জিএসটির একাধিক স্তর বাদ দিয়ে রাখা হবে মূলত দুটি হার—৫ শতাংশ ও ১৮ শতাংশ। এর ফলে সাধারণ ভোক্তার কাছে কর ব্যবস্থা হবে আরও সহজ ও স্বচ্ছ।

তবে ক্ষতিকর ও বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে কড়াকড়ি জারি হচ্ছে। মদ, সিগারেট ও তামাকজাত দ্রব্যের ওপর আলাদা ৪০ শতাংশ কর বা সেস আরোপের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ঠান্ডা পানীয়, ফাস্ট ফুড, কফি, চিনি, এমনকি পর্নোগ্রাফিকেও সর্বোচ্চ করের তালিকায় ফেলা হতে পারে। এগুলোকে ‘সিন ট্যাক্স’ বলা হচ্ছে। যে সব পণ্যের বিক্রি বা ব্যবহার সরকার কমাতে চায়, সাধারণ মানুষকে নিরুৎসাহ করার জন্য তার ওপর এই বিশেষ কর চাপানো হয়ে থাকে। স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার যুক্তিতেই এই বাড়তি কর আরোপ করতে চাইছে মোদি সরকার।

বৃহস্পতিবার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নয়াদিল্লিতে সঙ্গে ছয় সদস্যের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ছিল। তাতে জিএসটি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। ছয় সদস্যের মন্ত্রিগোষ্ঠীর নেতৃত্বে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এ ছাড়া গোষ্ঠীতে ছিলেন পশ্চিমবঙ্গ , উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্নাটক এবং কেরালার প্রতিনিধি। ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।

বৈঠক শেষে সম্রাট চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব দিয়েছিল, আমরা সেগুলোতে সায় দিয়েছি। তবে সবাই নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছেন। কোনও কোনও রাজ্য বাড়তি কিছু প্রস্তাব দিয়েছে। সেগুলো নিয়ে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেবে। ১২ ও ২৮ শতাংশের জিএসটি হার বাতিলের প্রস্তাবে আমরা সায় দিয়েছি।

অর্থনীতিবিদদের মতে, করের হার সরল হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ উভয়ের সুবিধা হবে। একই সঙ্গে সরকারের কর রাজস্ব স্থিতিশীল থাকবে। তবে মদ-সিগারেটে অতিরিক্ত কর ভোক্তাদের ব্যয়ভার বাড়াবে। আবার বিলাসপণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ফলে বাজারে সাময়িক চাপ তৈরি হতে পারে। জিএসটি সংস্কারের এই প্রস্তাব এর পর জিএসটি কাউন্সিলে যাবে।

এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিল বৈঠকে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত কার্যকর হলে কর সংস্কারে নতুন দিশা মিলবে বলেই মনে করা হচ্ছে।