বাণিজ্য বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারে নতুন করে অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দুই নেতার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
২০২৪ সালের আগস্টে দুই দেশের সম্পর্ক ব্যাপক কৌশলগত অংশীদারত্বে উন্নীত হওয়ার পর এটিই মোদির প্রথম মালয়েশিয়া সফর ছিল।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, দুই দেশের এই অংশীদারত্বের আওতায় বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা ও পর্যটনসহ একাধিক ক্ষেত্রে গভীর সহযোগিতার সুযোগ রয়েছে। তিনি বলেন, এটি প্রকৃত অর্থেই একটি ব্যাপকভিত্তিক অংশীদারত্ব। আমরা বিশ্বাস করি, উভয় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা দ্রুততার সঙ্গে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারব।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১১টি সহযোগিতা চুক্তি বিনিময় করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও শান্তিরক্ষা কার্যক্রম।
দুই দেশের সীমান্ত বাণিজ্য সহজ করতে স্থানীয় মুদ্রা ব্যবহারের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। গত বছর ভারত ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। চলতি বছর এই অঙ্ক ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আনোয়ার ইব্রাহিম।
এছাড়া মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে ভারতের একটি কনস্যুলেট খোলার বিষয়েও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।