মা-হারা বানরছানার আশ্রয় খেলনা ওরাংওটান, আবেগে ভাসছে নেটদুনিয়া

জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানা–তে মা–হারা একটি বানরছানাকে ঘিরে গড়ে ওঠা ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর একটি নরম খেলনা ওরাংওটানকে আঁকড়ে ধরে বানরছানাটির মানিয়ে নেওয়ার গল্প অনলাইনে অনেককে আবেগাপ্লুত করছে। মার্কিন গণমাধ্যম হ্যারাল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে জানানো ‘পাঞ্চ’ নামের বানরছানাটি গত জুলাইয়ে জন্মের কয়েক দিনের মধ্যেই মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাধারণত এ প্রজাতির বানর জন্মের পর দীর্ঘ সময় মায়ের সান্নিধ্যে থাকতে চায়। পাঞ্চের মানসিক চাপ কমাতে চিড়িয়াখানার কর্মীরা তাকে কম্বল ও বিভিন্ন খেলনা দেয়। এর মধ্যে একটি নরম খেলনা ওরাংওটান তার সবচেয়ে প্রিয় হয়ে ওঠে, যা সে প্রায় সবসময় কোলে নিয়ে রাখে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারি থেকে ধাপে ধাপে পাঞ্চকে অন্য বানরের দলে পরিচিত করানো হচ্ছে। নতুন পরিবেশে সে খেলনাটির মধ্যেই নিরাপত্তা খুঁজে পায়। শুরুতে অন্য বানরদের সঙ্গে মিশতে তার কিছুটা অসুবিধা হলেও সময়ের সঙ্গে তার আত্মবিশ্বাস বাড়ছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কখনও সে খেলনাটি জড়িয়ে ঘুমাচ্ছে, আবার কখনও অন্য বানরের কাছে গেলে সেটিকে ঢালের মতো ব্যবহার করছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বানরছানাটির প্রতি সহানুভূতি ও মমত্ববোধ প্রকাশ করছেন। বিশেষজ্ঞদের মতে, ঘটনাটি প্রাণীদের আবেগ ও সামাজিক আচরণের জটিল দিকগুলো নতুন করে সামনে এনেছে।