ইরান যুদ্ধ বন্ধে আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান

ইরান যুদ্ধ বন্ধে ‘অর্থপূর্ণ ও চূড়ান্ত’ আলোচনার পথ প্রশস্ত করতে আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে বলে জানানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই প্রস্তাব দেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত থাকলে পাকিস্তান এই চলমান সংঘাতের একটি সমন্বিত সমাধানের লক্ষ্যে অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনার আয়োজন করতে প্রস্তুত এবং একে সম্মানের বিষয় বলে মনে করে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার জন্য যে দেশগুলো জোর তৎপরতা চালাচ্ছে, পাকিস্তান তাদের মধ্যে অন্যতম। তবে আলোচনার অগ্রগতি নিয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদ কূটনীতি ও আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমকে অনুমাননির্ভর খবর প্রকাশ থেকে বিরত থাকতে এবং আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র তাহিরান আন্দ্রাবি এক বিবৃতিতে বলেন, ‘কূটনীতি ও আলোচনার অনেক বিষয় গোপনীয়তার সঙ্গে এগিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে।’ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।