পরবর্তী দুই দিনের মধ্যে পাকিস্তানে বড় কিছু ঘটতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে তিনি ইসলামাবাদের ওপরই বেশি আস্থা রাখছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ইসলামাবাদে দায়িত্ব পালনরত নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদককে ট্রাম্প বলেন, আপনার সেখানেই থাকা উচিত, কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু ঘটতে পারে, এবং আমরা সেদিকেই ঝুঁকছি।
শান্তি আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম প্রস্তাব করা হলেও ট্রাম্প সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, আমরা কেন এমন একটি দেশে যাব যাদের এই বিষয়ের সঙ্গে কোনও সম্পর্কই নেই?
পাকিস্তানের সম্ভাব্য পরবর্তী দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নেবেন, সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট করে কিছু বলেননি। উল্লেখ্য, গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। সেই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।