মার্কিন স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান

মার্কিন সামরিক বাহিনীর যেকোনো ধরনের স্থল অভিযান প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে ইরানের এক সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন বাহিনীর সম্ভাব্য আক্রমণের বেশ কয়েকটি কৌশল ও প্রেক্ষাপট গভীর বিশ্লেষণ করেছে। যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন আগ্রাসন মোকাবিলায় তারা ইতোমধ্যে একাধিক প্রতিরোধ পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে; বিশেষ করে মার্কিন প্রশাসন যদি ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো প্রকার স্থল অভিযান শুরু করার দুঃসাহস দেখায়, তবে তা ব্যর্থ করে দেওয়া হবে।

উক্ত সামরিক সূত্রটি আরও সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন সামরিক বাহিনী যদি পুনরায় ইরানের পরমাণু স্থাপনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে কোনো হামলা চালায়, তবে তেহরানের পাল্টা জবাব হবে আমেরিকার ধারণার চেয়েও বহুগুণ বেশি কঠোর ও অকল্পনীয়।

সূত্রটি উল্লেখ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি-ধামকি মূলত ইরানের সশস্ত্র বাহিনীকে তাদের সামরিক প্রস্তুতি আরও বাড়াতে এবং যেকোনো আক্রমণ প্রতিহত করতে উদ্বুদ্ধ করছে।

সূত্র: সিএমজি