পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য নরেন্দ্র মোদির সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারী দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সিজেপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার রাজধানীর ভিঠলভাই প্যাটেল হাউসে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার পক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির পক্ষে জাতীয় মুখপাত্র সৌরভ দাসসহ আরেক তরুণ প্রতিনিধি এতে অংশ নেন। এটি ছিল উভয় পক্ষের মধ্যে তৃতীয় বৈঠক।
বৈঠক শেষে সিজিপির প্রতিনিধিরা জানান, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআর প্রত্যাহারে নীতিগত সম্মতি প্রকাশ করেছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসবে না তারা।
সিজেপির প্রতিনিধি সৌরভ দাস বলেন, নিহতদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি আমরা জানিয়েছি। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি আপসহীন। শনিবার বেলা ২টার মধ্যে সরকারকে এই সিদ্ধান্ত জানাতে হবে। তত দিন পর্যন্ত যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি স্থগিত রাখতে আমরা সম্মত হয়েছি।
দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার এই দাবি না মানলে দেশজুড়ে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।
বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য শনিবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র: দ্য হিন্দু