৩০ বছরের দুর্গ ভেঙেছে ৩০ দিনে, বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের চমক

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ১৯ হাজার ২৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন। দীর্ঘ ৩০ বছর ধরে বিজেপির দখলে থাকা এই আসনে জয় পাওয়ার পর তিনি বলেন, ৩০ বছরের দুর্গ ভেঙে পড়েছে ৩০ দিনে।

তিনি এই ফলাফলকে শুধু একজন বিধায়ক নির্বাচিত করার লড়াই হিসেবে না দেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটি বার্তা বলে মন্তব্য করেছেন। প্রশান্ত কিশোরের দাবি, বিহারের মানুষ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছে যাতে তারা বিহারে কোনও ভালো ও যোগ্য মানুষকে মুখ্যমন্ত্রী বানায়।

তিনি অভিযোগ করেন, একজন অপরাধীকে মুখ্যমন্ত্রী বানালে রাজ্যের উন্নতি সম্ভব নয়। বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সমালোচনা করে তিনি বলেন, প্রয়োজনে কুশওয়াহা সম্প্রদায় থেকেই অন্য কোনও ভালো মানুষকে মুখ্যমন্ত্রী করা হোক।

প্রশান্ত কিশোর বলেন, বিহারের শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি ও অভিবাসন সমস্যার সমাধান জরুরি। রাজ্যের এক কোটিরও বেশি সন্তান ১০-১৫ হাজার রুপির জন্য পরিবার ছেড়ে গুজরাট, মুম্বাই, দিল্লি, কলকাতা বা তামিলনাড়ুর মতো জায়গায় মজুরি খাটতে বাধ্য হচ্ছে।

যদিও এই জয়ের পর রাতারাতি সবকিছু বদলে যাবে না বলে সতর্ক করেছেন তিনি। প্রশান্ত কিশোর বলেন, আমি বিধায়ক হলেই বাঁকিপুর বেঙ্গালুরু হয়ে যাবে না, তবে আগামী ২-৩ মাসের মধ্যে মানুষ কিছু উন্নতি দেখতে পাবে।

এই উপনির্বাচন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবিনের জন্য বড় এক রাজনৈতিক ধাক্কা। তিনি টানা পাঁচবার এই আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। বিজেপি ও আরজেডি পুরোপুরি প্রচার শুরু করার প্রায় দুই মাস আগেই প্রশান্ত কিশোর সেখানে ঘরে ঘরে গিয়ে জোরালো প্রচার শুরু করেছিলেন, যা তার এই বিশাল জয়ে বড় ভূমিকা রেখেছে।

সূত্র: উইয়ন নিউজ