১০ হাজার এআই বিশেষজ্ঞ তৈরি করবে ভিয়েতনাম

২০৩০ সালের মধ্যে মূল প্রযুক্তিতে বিশেষায়িত দেড় হাজার বিশেষজ্ঞসহ অন্তত ১০ হাজার উচ্চদক্ষতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পেশাদার গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে ভিয়েতনাম। মঙ্গলবার দেশটির উপপ্রধানমন্ত্রী লে তিয়েন চাউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবসম্পদ উন্নয়নের জন্য জাতীয় কর্মসূচি সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন বলে সরকারের একটি ওয়েবসাইটে জানানো হয়েছে।

২০৩০ সালের লক্ষ্যমাত্রার অধীনে এআই ব্যবহার ও প্রয়োগের সক্ষমতা ধীরে ধীরে শিক্ষার্থী, কর্মী এবং ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য অন্যতম অপরিহার্য দক্ষতা হিসেবে পরিগণিত হবে।

কৌশলগত প্রযুক্তি খাতগুলোর প্রসারে সঠিক আকার, কাঠামো ও মানসম্পন্ন এআই কর্মী বাহিনী গড়ে তোলাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

পরিকল্পনা অনুযায়ী, অন্তত ৮০ শতাংশ হাইস্কুল ও প্রি-ইউনিভার্সিটি শিক্ষার্থী তাদের বয়সোপযোগী মৌলিক এআই জ্ঞান ও দক্ষতা অর্জন করবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ১০০ শতাংশ শিক্ষার্থীকে এই দক্ষতায় সজ্জিত করার লক্ষ্য ধরা হয়েছে।

এ ছাড়া, সরকারি ও জনসেবা খাতের কর্মকর্তা-কর্মচারীদের অন্তত ৯০ শতাংশ এআই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ও নিজেদের জ্ঞান হালনাগাদ করবেন বলে আশা করা হচ্ছে। শিক্ষাদান ও প্রশিক্ষণ খাতের কর্মীদের ক্ষেত্রে এই হার নির্ধারণ করা হয়েছে ১০০ শতাংশ। এই কর্মসূচির আওতায় অন্তত ১ লাখ শিক্ষক, বক্তা ও শিক্ষা প্রশাসককে এআই বিষয়ে গভীর প্রশিক্ষণ দেওয়া হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি