মৃত্যুর স্রোতের মাঝে ছাদে একা, টি-শার্ট উড়িয়ে সেনা হেলিকপ্টারের নজর কেড়ে বাঁচলো কিশোর

হিমালয় কন্যা নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার মাঝে ভেসে যাওয়া এক বাড়ির ছাদ থেকে এক কিশোরের অদম্য বেঁচে ফেরার নাটকীয় মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। চতুর্দিক থেকে ধেয়ে আসা প্রবল পানির স্রোতে আটকা পড়ে ছাদ থেকে নিজের গায়ের টি-শার্ট উড়িয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করে অবশেষে আত্মরক্ষা করে সে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ওই ভিডিওতে দেখা গেছে, বন্যাবেষ্টিত একটি একাকী বাড়ির ছাদে দাঁড়িয়ে উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পেয়ে কিশোরটি অনবরত তার টি-শার্ট নাড়াতে থাকে। এটিই ছিল সেখানে তার একমাত্র সংকেত পাঠাবার উপায়। একপর্যায়ে নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বাড়িটির ঠিক ওপরে এসে শূন্যে ভাসতে থাকে। সেটি আরও কাছে নেমে এলে কিশোরটি ধীরস্থিরভাবে সেটিকে বাড়ির ধারের দিকে পথ নির্দেশ করে।

এরপর কিশোরটি সাহসের সঙ্গে প্রথমে হেলিকপ্টারের ল্যান্ডিং স্কিড শক্ত করে ধরে এবং ভেতরে বসে থাকা সেনা সদস্যের বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরে। সেনা সদস্যটির সহায়তায় সে নিজেকে ওপরে টেনে তুলে হেলিকপ্টারের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। দম বন্ধ করা এই রোমাঞ্চকর উদ্ধার অভিযানের মুহূর্তে উপস্থিত দর্শকরা আনন্দে চিৎকার করে ওঠেন এবং করতালি দিয়ে স্বস্তি প্রকাশ করেন।

এই অবিশ্বাস্য উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যবহারকারীরা নেপাল সেনাবাহিনীর পাইলটদের অসাধারণ দক্ষতা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, নেপালি হেলিকপ্টার পাইলটদের জন্য শ্রদ্ধা। সত্যিকার দক্ষতার দারুণ এক প্রদর্শনী!

অপর একজন মন্তব্য করেছেন, বিশ্বজুড়ে দেখা এটি একটি পড়া চোখ ধাঁধানো মুহূর্ত ছিল। তারা তার নাগাল পেতে পেরেছে দেখে স্বস্তি লাগছে।

সূত্র: এনডিটিভি