অজ্ঞাত মরদেহগুলো দাফন করবে নেপাল, পরে শনাক্ত হবে যেভাবে

নেপালে বিধ্বংসী পাহাড়ি ঢল ও প্রলয়ঙ্করী বন্যার পর উদ্ধার হওয়া অজ্ঞাত ও দাবিদারহীন মরদেহগুলো পচন ধরে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিতে দাফন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকালের এই বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ৬৭৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণাঞ্চলীয় চিতওয়ান জেলা থেকে সর্বোচ্চ ২৩৩টি মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে পর্যাপ্ত জায়গা ও সুযোগ-সুবিধার অভাবে পচন প্রতিরোধ করতে হিমশিম খাচ্ছে চিতওয়ান জেলা প্রশাসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অস্থায়ী ব্যবস্থায় রাখা মরদেহগুলোর পচন ও দুর্গন্ধ থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি নিয়ে সতর্ক করার পর শনিবার কর্তৃপক্ষ দাফনের এই সিদ্ধান্ত নেয়।

এক কর্মকর্তা জানান, মরদেহের সংখ্যা বাড়তে থাকায় আমরা একটি বাড়িকে কুলিং সেন্টার বানিয়ে সেগুলোকে রেখেছিলাম। কিন্তু সেই বাড়িতেও জায়গা শেষ হয়ে যাওয়ায় দাফন করা ছাড়া আমাদের আর কোনও বিকল্প ছিল না।

মরদেহ দাফনের আগেই কর্মকর্তারা ডিএনএ নমুনা সংগ্রহ করছেন। পরবর্তীতে শনাক্তকরণের সুবিধার্থে আইডি বা রেফারেন্স নম্বর দিয়ে রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে। প্রতিটি মরদেহের জন্য একটি সুনির্দিষ্ট আইডেন্টিফিকেশন নম্বর ও লোকেশন ট্যাগ দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে ডিএনএ মিললে স্বজনরা তুলে নিতে পারেন। শনিবার দুপুর পর্যন্ত ১০০টিরও বেশি মরদেহের ডিএনএ প্রোফাইলিং শেষ করে দাফনের জন্য প্রস্তুত করা হয়।

মরদেহগুলো যাতে পরে সহজে তুলে আনা যায়, সেজন্য ১.৫ মিটার (দেড় মিটার) গভীর কবর খোঁড়া হচ্ছে। কেবল ডিএনএ মিলে যাওয়া নির্দিষ্ট মরদেহটিই যেন উত্তোলন করা যায়, তা নিশ্চিত করতে দুটি মরদেহের মধ্যে ৪০ সেন্টিমিটার দূরত্ব বজায় রাখা হচ্ছে। বডি ব্যাগে আইডি নম্বরসহ মরদেহ মুড়িয়ে দাফন করা হবে এবং প্রতিটি কবরের স্থানে একটি কংক্রিটের প্ল্যাটফর্ম ও সাইনবোর্ড বসিয়ে আইডি নম্বর প্রদর্শন করা হবে। এ ছাড়া পুরো দাফন প্রক্রিয়ার ভিডিও, ছবি এবং জিও-ট্যাগিং করে রেকর্ড রাখা হবে।

নিখোঁজ স্বজনদের সন্ধানে থাকা ব্যক্তিদের দেশের বিভিন্ন হাসপাতালে ডিএনএ নমুনা দিতে হবে। টেস্টের ফল মিললে নেপালের স্বাস্থ্য বিভাগ মরদেহের ডিএনএর সঙ্গে মিলিয়ে নির্দিষ্ট বডি নম্বর শনাক্ত করবে। সেই নম্বরের ভিত্তিতে পুলিশ রেকর্ড দেখে কবরের সঠিক অবস্থান চিহ্নিত করে মরদেহ স্বজনদের হাতে তুলে দেবে। পুলিশ ইতোমধ্যে ওয়েবসাইটটিতে অজ্ঞাত ও দাবিদারহীন মরদেহের তথ্য আপলোড করেছে।

কর্মকর্তাদের মতে, শত শত বিদেশি নাগরিকসহ নেপালে এখনও প্রায় তিন হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

সূত্র: এনডিটিভি