ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন

জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান (বিওজে) কর্তৃক সুদের হার দ্রুত বাড়ানোর আভাস এবং জাপানি বিনিয়োগকারীদের দেশে অর্থ ফিরিয়ে আনার সম্ভাবনায় সোমবার ডলারের বিপরীতে সাত মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে ইয়েন। অন্যদিকে চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে কি না, তা নির্ধারণে শুক্রবার প্রকাশ হতে যাওয়া মার্কিন মূল্যস্ফীতি (সিপিআই) উপাত্তের দিকে নজর রাখছেন ব্যবসায়ীরা।

সোমবার জাপানি মুদ্রার বিপরীতে ডলারের দর ১.১৪ শতাংশ কমে ১৫৪.৪২ ইয়েনে নেমে আসে, যা গত ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। গত সপ্তাহের মঙ্গলবারেও প্রতি ডলারের মান ছিল ১৬০ ইয়েনের ওপরে।

গবেষণা সংস্থা এমইউএফজির জ্যেষ্ঠ মুদ্রা বিশ্লেষক লি হার্ডম্যান বলেন, ১৫৫-এর সীমা পার হওয়া নিশ্চিতভাবেই মুদ্রার চাঙ্গা ভাব নির্দেশ করে। বাজারে ধারণা ছিল ইয়েনের মান কেবল কমতেই থাকবে, তবে ব্যাংক অব জাপান সুদের হার বাড়ানোর গতি বাড়ানোর পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

আগামী শুক্রবার মার্কিন মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশের পর ডলারের পরবর্তী গতিপথ নির্ধারিত হবে। বিবিএইচ-এর বৈশ্বিক বাজার কৌশল প্রধান ইলিয়াস হাদ্দাদ বলেন, মূল্যস্ফীতি বেশি এলে সেপ্টেম্বরে ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধি নিশ্চিত হবে, যা ডলারকে শক্তিশালী করবে। কিন্তু মূল্যস্ফীতি কম এলে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে, যা ডলারকে কিছুটা দুর্বল করবে।

আগামী বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি) সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স