ভারতের মুম্বাইয়ের দাহিসার ওয়েস্ট এলাকার কান্দারপাড়ার বাপু বাগওয়ে রোডের কাছে অবস্থিত মহেশ্বর বিল্ডিং-এর আবাসিক এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সানি কাম্বলে নামের এক বাসিন্দার বোনের পার্ক করা গাড়ির বনেটের ভেতরে দেখা মেলে বিশাল এক অজগর সাপের।
শনিবার স্থানীয় বাসিন্দারা প্রথম ৭ ফুট লম্বা ওই সাপটিকে গাড়ির নিচের অংশ থেকে নিচ দিয়ে ধীরে ধীরে বোনটের দিকে উঠে যেতে দেখেন। এটি সাধারণ সাপ নয় বরং একটি বিশাল অজগর তা বুঝতে পেরেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসিক এলাকায় সাপটি চলে আসায় স্থানীয় অধিবাসীদের মধ্যে ভয় তৈরি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
পরে স্থানীয়রা বন্যপ্রাণি উদ্ধারকারীদের খবর দেন। খবর পাওয়া মাত্রই বন্যপ্রাণি উদ্ধার বিশেষজ্ঞ সমীর গুপ্ত দ্রুত সেখানে পৌঁছান। গাড়ির বনেট খুলতেই ইঞ্জিনের পাশে কুণ্ডলী পাকিয়ে বসে থাকা বিশাল সাপটিকে দেখতে পান তিনি। পরে অত্যন্ত দক্ষতার সাথে অজগরটিকে ধরে নিরাপদে একটি ব্যাগে ভরেন।
বনের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার আগে, গাড়ির ভেতরের গরম যন্ত্রাংশের কারণে সাপটি আঘাত পেয়েছে কি না তা নিশ্চিত করতে দ্রুত একটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বন্যপ্রাণী কর্মকর্তারা অজগরটি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছে জানানোর পর, সেটিকে কাছের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
সূত্র : এনডিটিভি