মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামুদ্রিক সামরিক মহড়া শেষ হওয়ার একদিনের মাথায় জাপান সাগরের দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার (১২ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় ২৫০ কিলোমিটার বা ১৫৫ মাইল পথ পাড়ি দিয়ে কোরীয়দের কাছে ‘পূর্ব সাগর’ নামে পরিচিত জলসীমার দিকে যায়।

এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি অফিস একটি জরুরি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক আহ্বান করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের গুরুতর লঙ্ঘন হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ অবিলম্বে বন্ধ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেসিএসের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে যেকোনও উসকানির উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা ও প্রস্তুতি বজায় রেখেছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ‘ফ্রিডম এজ এক্সারসাইজ’ নামের এই সামরিক মহড়ার পরিকল্পনাকে পিয়ংইয়ং ও অঞ্চলের অন্যান্য দেশের জন্য ‘হুমকি’ বলে তীব্র সমালোচনা করেছিল উত্তর কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম সং গি সতর্ক করে বলেছিলেন, শক্তির অবস্থান থেকে শক্তিশালী ও তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা উত্তর কোরিয়ার রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা উৎক্ষেপণের বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং বর্তমান মূল্যায়ন অনুযায়ী এটি যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনও হুমকি সৃষ্টি করেনি।