ব্রিকস সম্মেলনের উদ্বোধন করে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০টি প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মোদি বলেন, গ্লোবাল সাউথ বিশ্বের সংকটের একেবারে সামনে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পেছনের সারিতে রয়েছে। এই সুবিধার পিরামিডকে এমন একটি অংশীদারত্বের প্ল্যাটফর্মে রূপান্তর করতে হবে, যেখানে প্রতিটি দেশের কণ্ঠস্বর ও অংশগ্রহণের সুযোগ থাকবে।
এ সময় সমুদ্রে কর্মরত নাবিকদের জন্য জরুরি সহায়তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেন মোদি। তিনি বলেন, নাবিকদের অবদান অনেক হলেও তারা নানা সমস্যার মুখোমুখি হন। ব্রিকসের সদস্যদের নিয়ে একটি সহায়তা গোষ্ঠী গঠন করা গেলে চিকিৎসা সহায়তা ও জরুরি সংকেত ব্যবস্থায় তা কাজে আসবে।
ব্রিকসের ২০ বছর পূর্তির কথাও তুলে ধরে মোদি বলেন, ২০ বছর বয়স মানুষের জীবনে পরিপক্বতা ও দায়িত্বের নতুন পর্যায়ের সূচনা করে। ব্রিকসও এখন নতুন পর্যায়ে প্রবেশ করছে।
মোদি বলেন, ব্রিকস কোনও দেশের বিরুদ্ধে নয় বরং অভিন্ন দৃষ্টিভঙ্গি ও ঐকমত্যের মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। জোটকে আরও শক্তিশালী করে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে সামনের সারিতে নিয়ে আসার ওপরও গুরুত্ব দেন তিনি।
সূত্র: উইয়ন নিউজ