ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পাশে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। রবিবার নয়াদিল্লিতে ১১ সদস্যের জোটের নেতারা সম্মেলনের ফাঁকে ‘ব্রিকস ফ্যামিলি ফটো’তে অংশ নেন।
এর আগে চীন, রাশিয়া, ইরান ও ভারতসহ ব্রিকসের সদস্যরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন। এর মাধ্যমে আগের মতপার্থক্য কাটিয়ে ঐকমত্যে পৌঁছান জোটের নেতারা।
ছবিতে মাঝখানে ছিলেন মোদি। তার দুই পাশে ছিলেন পুতিন ও শি জিনপিং। সম্মেলনে শি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী।
মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ায় গভীর উদ্বেগ জানিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে-এমন কর্মকান্ড এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা দেন, নয়াদিল্লি ঘোষণা ২০২৬ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
বিবৃতিতে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানানো হয়। পাশাপাশি ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর জবাবদিহির ওপর জোর দেওয়া হয়। সংঘাত প্রতিরোধ, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং মাদক, অস্ত্র পাচার, সন্ত্রাসে অর্থায়ন ও সংগঠিত অপরাধের মতো আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে জোটটি।
সূত্র: এনডিটিভি