শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানে অন্তত দুই জন নিহত হয়েছেন। ঝড়ের কারণে টোকিওর আশপাশে ১৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাপক বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সোমবার জাপানের রাজধানীর কাছের কাটসুউরা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার। এতে হাজারও বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
কিয়োদো নিউজ স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, ঝড়ে দুজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মঙ্গলবার ভোরে টাইফুনটি উপকূল থেকে দূরে সরে উত্তর-পূর্ব দিকে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় এর বাতাসের গতি কিছুটা কমে আসে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
টাইফুনের প্রভাবে বিমান ও রেল যোগাযোগেও ব্যাপক বিঘ্ন ঘটে। জাপান এয়ারলাইনস ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করে। টোকিও-ওসাকার মধ্যে বুলেট ট্রেনসহ কয়েকটি রেলসেবা স্থগিত করা হয়।
আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাত সেপ্টেম্বর মাসের গড় মাসিক বৃষ্টিপাতকেও ছাড়িয়ে যেতে পারে। এতে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কামাকুরা ও ইচিকাওয়ার বিভিন্ন এলাকায় বন্যার পানিও দেখা গেছে।
টাইফুনের কারণে বিশ্বের অন্যতম বড় ভিডিও গেম প্রদর্শনী টোকিও গেম শো নির্ধারিত সময়ের আগে সোমবার বন্ধ করে দেওয়া হয়। চিবা এলাকায় অনুষ্ঠেয় একটি বড় সংগীত উৎসব ও একটি বেসবল ম্যাচও বাতিল করা হয়েছে। এ বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন দুজুয়ান। গ্রীষ্মের শেষভাগ ও শরতের শুরুতে জাপানে প্রায়ই শক্তিশালী টাইফুন আঘাত হানে।