স্বামীকে কালো ও মোটা বলা নিষ্ঠুরতা নয়: হাইকোর্ট

স্ত্রী স্বামীকে কালো ও মোটা বলে সম্বোধন করলেও তা বিবাহবিচ্ছেদের জন্য যথেষ্ট নয় বলে রায় দিয়েছেন ভারতের ছত্তিশগড় হাইকোর্ট। স্বামীর করা বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে পারিবারিক আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন উচ্চ আদালত।

২৮ বছর বয়সী অক্ষ ঘোষ ২০২৪ সালের আগস্টে পারিবারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১৯ সালে ২৫ বছর বয়সী পূজার সঙ্গে তার বিয়ে হয়। অক্ষ ঘোষের অভিযোগ, বিয়ের দুই-তিন মাস পর থেকেই স্ত্রী তার সঙ্গে দুর্ব্যবহার করতেন, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিতেন এবং প্রায়ই বাবার বাড়িতে চলে যেতেন। এমনকি তার অনুমতি ছাড়াই এক আত্মীয়ের বিয়েতে রাজস্থানে গিয়ে প্রায় ২৫ দিন পর ফিরে আসেন।

স্বামীর দাবি, পরে তার স্ত্রী যমজ সন্তানের গর্ভপাতের শিকার হন। এরপর তার মা তাকে রায়গড়ে নিয়ে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করলেও তিনি আর ফিরতে রাজি হননি বলে অভিযোগ করেন অক্ষ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন পূজা। তার অভিযোগ, স্বামী অন্য এক নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন এবং বিষয়টি জানার পর মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। তিনি আরও অভিযোগ করেন, স্বামী তাকে নির্যাতন করতেন এবং গর্ভাবস্থায় প্রয়োজনীয় চিকিৎসাসেবাও দেননি।

অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে রায়গড়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান বলে জানান পূজা। সুস্থ হওয়ার পর স্বামী ও তার পরিবারের সদস্যদের বারবার তাকে ফিরিয়ে নিতে অনুরোধ করলেও তারা তা করেননি বলে অভিযোগ করেন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পূজার মা পুলিশের কাছে অভিযোগ করেন। পরে পূজা স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা আইনে রায়গড়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতে মামলাও করেন।

মামলার শুনানিতে অক্ষের দাবি ছিল, স্ত্রী তাকে কালো ও মোটা বলে অপমান করতেন। তবে ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি পার্থ প্রতীম সাহু ও বিচারপতি সচিন সিং রাজপুতের বেঞ্চ বলেছে, এসব অভিযোগ বিবাহবিচ্ছেদ দেওয়ার মতো যথেষ্ট কারণ নয়। আদালত বলেছে, স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেও সেগুলোর পক্ষে যথেষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। একইভাবে স্ত্রী কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং তাকে পরিত্যাগ করার ইচ্ছা ছিল—এমনটিও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি।

হাইকোর্ট বলেছে, পারিবারিক আদালত যথাযথভাবে সাক্ষ্য-প্রমাণ মূল্যায়ন করেছে। তাই ওই আদালতের রায়ে হস্তক্ষেপের কোনও কারণ নেই। ফলে স্বামীর বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেওয়া পারিবারিক আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে স্ত্রীর পরিবারের দেওয়া উপহার ও সম্পদ তাকে ফেরত দেওয়ার নির্দেশও বহাল রাখা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে