পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের চৌহাট্টায় একটি রাম মন্দিরে রাম ও সীতার মূর্তি ভাঙচুর এবং ভেতরে রক্তের মতো দেখতে তরল পদার্থ উদ্ধারের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে বীরভূমের পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন। উদ্ধৃত পদার্থের আসল পরিচয় শনাক্ত করতে ফরেনসিক টিমকে (এফএসএল) খবর দেওয়া হয়েছে। সংগৃহীত নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় বাসিন্দা বলেন, এমনটা হওয়া উচিত হয়নি। এটি খুবই কষ্টদায়ক। মন্দির চত্বরের ভেতরেই প্রভু রাম ও দেবী সীতার মূর্তি ভাঙচুর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এফএসএল টিমকে ডাকা হয়েছে। আমরা ঘটনাটির তদন্ত করছি এবং যত দ্রুত সম্ভব রহস্য উন্মোচনের চেষ্টা করছি। যে-ই এটি করে থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
সূত্র: ইন্ডিয়া টুডে