তড়িৎচুম্বকীয় ক্যাটাপল্ট সমৃদ্ধ যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো একটি স্টিলথ ড্রোনের সফল উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন করেছে চীন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, নজরদারি ও হামলা চালানোয় সক্ষম চালকবিহীন বিমান গোংজি-২১ সম্প্রতি দেশের প্রথম টাইপ ০৭৬ উভচর হামলাকারী যুদ্ধজাহাজ সিচুয়ান-এ প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এটি আমাদের দেশের উভচর হামলাকারী যুদ্ধজাহাজের উন্নয়নে আরও একটি বড় সাফল্য। এর মাধ্যমে প্রমাণিত হলো যে চীনা নৌবাহিনী বড় সামুদ্রিক যুদ্ধ প্ল্যাটফর্মে ফিক্সড-উইং স্টিলথ ইউএভি উৎক্ষেপণ ও অবতরণ করানোর সক্ষমতা অর্জন করেছে।
স্বদেশি প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ল্যান্ডিং গাইডেন্স সিস্টেম, নতুন সমন্বিত বিদ্যুৎ ব্যবস্থা, ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট এবং অ্যারেস্টিং গিয়ার রয়েছে। এটি ফিক্সড-উইং ড্রোন, হেলিকপ্টার এবং উভচর সরঞ্জাম বহন করতে পারে। এটিই ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট যুক্ত প্রথম চীনা যুদ্ধজাহাজ।
জিজে-২১ ড্রোনটি চীনের সামরিক বাহিনীর প্রথম বাহকভিত্তিক স্টিলথ ড্রোন। বড় আকারের এই সাবসনিক ড্রোনটি টার্বোফ্যান ইঞ্জিন চালিত এবং এর কোনও লেজ নেই। এর ভাঁজযোগ্য ডানা থাকার কারণে জাহাজের ডেকে এটি রাখা ও সরানো সহজ। এতে থাকা লঞ্চ বার দিয়ে ক্যাটাপল্টের মাধ্যমে দ্রুত গতি বাড়ানো যায় এবং অ্যারেস্টিং হুকের সাহায্যে জাহাজের তারের মাধ্যমে এটিকে নিরাপদে নামিয়ে আনা যায়।
সূত্র: আনাদোলু এজেন্সি