১০ হাজার রুপি বেতনের তরুণের অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপি!

মাসে মাত্র ১০ হাজার রুপি আয় করা ২২ বছরের এক তরুণের ব্যাংক অ্যাকাউন্টে আচমকা জমা হলো ১০ হাজার কোটি রুপি! ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের সিকার এলাকায়।

সিকারের সালাসার বাসস্ট্যান্ড সংলগ্ন নির্মল মেডিক্যাল পয়েন্ট-এ কর্মরত সমীর খান বুধবার নিজের প্রিপেইড মোবাইল নম্বর রিচার্জ করার সময় ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে এ ঘটনা জানতে পারেন। তিনি ব্যাংকিং অ্যাপে পিন নম্বর প্রবেশ করালে দেখতে পান ব্যালেন্স শূন্য। এরপর বিস্তারিত পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন, তার অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপির ওপর ‘লিয়েন’ (স্থানান্তর স্থগিত) জারি করা হয়েছে। এতে তার অ্যাকাউন্টে জমা হওয়া বিশাল অঙ্কের অর্থ তো অবরুদ্ধ হয়েছেই, সেই সঙ্গে তার নিজের জমানো ৫৫ হাজার রুপিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

বিষয়টি সমীর তার নিয়োগকর্তা ধীরাজ শর্মাকে জানান। পরে তারা দুজনে সিকার সাইবার পুলিশ স্টেশনে যান। পুলিশ তাদের সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করে সমীরের অ্যাকাউন্টের আসল ব্যালেন্স ফিরিয়ে আনে।

ঘটনা বর্ণনা করে সমীর খান বলেন, আমার আগের ব্যালেন্স ছিল প্রায় ৫৫ হাজার রুপি। পরে জানতে পারি আমার অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপির লিয়েন দেওয়া হয়েছে। এমনকি আমার নিজের টাকাও আমি ব্যবহার করতে পারছিলাম না। পরে পুলিশ ও ব্যাংকের সঙ্গে কথা বলার পর সমস্যাটির সমাধান হয়।

তার নিয়োগকর্তা ধীরাজ শর্মা বলেন, সমীর চলতি বছরের জানুয়ারি থেকে আমার এখানে ১০ হাজার রুপি বেতনে কাজ করছে। ১০ হাজার কোটি রুপির লিয়েনের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। জীবনে প্রথমবার আমি এমন ঘটনা দেখলাম।

সূত্র: এনডিটিভি