ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপে টানা উত্তেজনার মধ্যেই নিজেদের অস্ত্র সক্ষমতার সর্বাধুনিক প্রদর্শনী হিসেবে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবারের এই পরীক্ষার খবর মঙ্গলবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এর এক দিন আগে গুচ্ছবোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। ভারী সামরিক উপস্থিতি থাকা দুই কোরিয়ার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার পর থেকেই সিউলের সঙ্গে উত্তেজনা বেড়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার জানায়, ক্রুজ ক্ষেপণাস্ত্রে যুক্ত মাঝারি আকারের গুচ্ছবোমার ওয়ারহেডটি ৫ থেকে ৬ হেক্টর এলাকাজুড়ে সর্বোচ্চ ঘনত্বের শক্তি প্রয়োগ করে লক্ষ্যবস্তুকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম।

কেসিএনএ আরও জানায়, লক্ষ্যবস্তু অঞ্চলের প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের শেষ মুহূর্তের কৌশলী পরিবর্তন উন্নত করে টার্গেটে লম্বালম্বি আঘাত হানার সক্ষমতা নিখুঁত করা হয়েছে এই পরীক্ষায়।

উত্তর কোরিয়ার এক কর্মকর্তা বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের হুমকি প্রতিরোধে সশস্ত্র বাহিনীর সক্ষমতা থাকা প্রয়োজন। ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক বলেন, সবচেয়ে শক্তিশালী এই অস্ত্র ব্যবস্থার বিভিন্ন যুদ্ধকালীন সুবিধা উত্তর কোরিয়াকে বহিরাগত সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।

পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া সম্প্রতি একাধিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আক্রমণকারী ড্রোন, নতুন নির্ভুল নিশানার টর্পেডো ব্যবস্থা এবং মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ থাকলেও উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ নয়। 

সূত্র: এএফপি