দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা) মূল্যের একটি বিলাসবহুল সুইস ঘড়ি অবশেষে ফেরত দেওয়া হয়েছে। ঘড়িটির সঙ্গে একটি হাতে লেখা ক্ষমাপ্রার্থনার চিরকুটও পাওয়া গেছে। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে ঢুকে সুইস ব্র্যান্ড অডেমার পিগের ওই ঘড়িটি হাতে পরে দেখার নাম করে পালিয়ে যান। পরে দোকান কর্তৃপক্ষের কাছে একটি প্যাকেট আসে, যার ভেতরে চুরি যাওয়া ঘড়িটি ও একটি দুঃখ প্রকাশের চিরকুট ছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জাপানি সংবাদমাধ্যম আসাহি শিম্বুন জানায়, সিরিয়াল নম্বর পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে এটি সেই চুরি যাওয়া ঘড়িই।

এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে দোকান কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে টোকিও পুলিশ।

উল্লেখ্য, গত আগস্টেও একই বিপণিবিতানের অন্য একটি দোকান থেকে প্রায় ১৩ লাখ ডলার মূল্যের চারটি বিলাসবহুল ঘড়ি চুরির ঘটনা ঘটেছিল।