ইরানের দাবিগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া জবাব ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের বেঁধে দেওয়া সাতটি শর্ত সম্পূর্ণভাবে পূরণ করার পরই কেবল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে বলে পুনর্ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই এ কথা জানান।
মহসেন রেজাই লিখেছেন, ইরানের অধিকার ও দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া জবাব সন্তোষজনক নয়। তাদেরকে অবশ্যই ইরানের সাতটি শর্তের পূর্ণাঙ্গ ও স্পষ্ট উত্তর দিতে হবে এবং সেগুলো পূরণ করতে হবে। কেবল তখনই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
ইরানের উল্লেখ করা সাতটি শর্তের মধ্যে রয়েছে—পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতি ঘোষণা, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্তকরণ এবং দেশটির তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এছাড়া মার্কিন নৌ-অবরোধের অবসান, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং হুমকি ও হস্তক্ষেপ বন্ধ করার দাবিও রয়েছে এই তালিকায়।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কাতারের চলমান মধ্যস্থতার মধ্যেই রেজাই এই মন্তব্য করলেন। তবে কাতারের সংবাদপত্র আল-আরাবি আল-জাদিদ মধ্যস্থতাকারী দলের সূত্রের বরাতে মঙ্গলবার জানিয়েছে, সোমবার কাতারি প্রতিনিধি দলের আনা সমঝোতা স্মারকের খসড়ায় ওয়াশিংটন সম্মত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কংগ্রেস কার দখলে যাবে, তা জানা যাবে কখন?