কলকাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা, লিভ-ইন সঙ্গিনী ও তার মা গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় লিভ-ইন পার্টনারকে হত্যার অভিযোগে এক তরুণী ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এ গ্রেফতারের ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সার্থক সরকার (২৫)। তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। শনিবার রাতে শহরের গড়িয়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, সেখানে তিনি তার বান্ধবী সঞ্চালিকা বসুর সঙ্গে বাস করতেন।

পুলিশের তথ্যমতে, শনিবার রাতে ওই যুগলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে সঞ্চালিকা ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন বলে অভিযোগ উঠে। চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ সঞ্চালিকাকে গ্রেফতার করে। পরবর্তীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তার মা মৌমিতা বসুকেও গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা জানান, এই হত্যাকাণ্ডে মায়েরও সম্পৃক্ততা ছিল বলে তারা সন্দেহ করছেন। পুলিশ জানায়, টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউটের ছাত্রী সঞ্চালিকার সঙ্গে গড়িয়ার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন সার্থক। তবে ঠিক কী কারণে তাদের মধ্যে তর্কাতর্কি হয়েছিল, তা এখনও অস্পষ্ট। কেবল বাকবিতণ্ডা নাকি অন্য কোনও কারণে এই হামলা চালানো হয়েছে এবং আসামির মা ঠিক কী ভূমিকা পালন করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: এনডিটিভি