ভারতের বেঙ্গালুরুতে পরকীয়া সম্পর্কের কথা জেনে ফেলায় প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করেছেন এক নারী। পরবর্তীতে একে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও প্রায় এক মাস পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর দোড্ডাতোগুরু এলাকায়। নিহত ব্যক্তির নাম উপেন্দ্র (৪১)। গত ১২ অক্টোবর উপেন্দ্রর ভাই থানায় অভিযোগ জানান যে, তার বড় ভাই বাথরুমে যাওয়ার সময় পিছলে পড়ে যান এবং পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পুলিশের মনে সন্দেহের দানা বাঁধে। এর পর রহস্য উদঘাটনে গভীর তদন্তে নামে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর মধুসোধন রেড্ডি (৪৬) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।
জিজ্ঞাসাবাদে মধুসধন স্বীকার করেন যে, নিহতের স্ত্রী অনিতার (৩৬) সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। উপেন্দ্র এই সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন এবং দুজনকেই সতর্ক করেছিলেন। সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় দুজন মিলে উপেন্দ্রকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর ভোরের দিকে আসামিরা উপেন্দ্রকে শ্বাসরোধ করেন এবং নাক-মুখ চেপে ধরে হত্যা নিশ্চিত করেন। এরপর হত্যাকাণ্ডটি ঢাকা দিতে তারা পড়ে গিয়ে আঘাত পাওয়া ও হৃদরোগের নাটক সাজান।
প্রেমিকের স্বীকারোক্তির পরদিন, ৬ নভেম্বর দোড্ডাতোগুরুর বাসা থেকে অনিতাকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়। ৬ নভেম্বরই দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। ঘটনাটির বিস্তারিত তদন্ত এখনও চলছে।
সূত্র: এনডিটিভি