২০০৪ সালে কংগ্রেসের জয় সত্ত্বেও সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে ফের শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় তিনি ‘অন্তরাত্মার ডাকে’ প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করার কথা লিখলেও বিজেপির দাবি, ইতালীয় বংশোদ্ভূতের কারণে তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম তাকে শপথ পাঠ করাতে অস্বীকার করেছিলেন।
মঙ্গলবার প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: অ্যা জার্নি অব লাভ’-এ তিনি ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের বিজয়ের স্মৃতিচারণ করেছেন। সোনিয়া জানান, সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর কার হাতে নেতৃত্ব তুলে দেবেন তা নিয়ে দীর্ঘ চিন্তা-ভাবনা করেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সুশাসনের গভীর জ্ঞানের কারণে তিনি ড. মনমোহন সিংকে বেছে নেন।
স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, অনেক জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সহকর্মী ছিলেন যারা সানন্দে এই পদ গ্রহণ করতেন। তবে তাদের সবার মধ্যে একজনই ছিলেন যাকে দীর্ঘদিন ধরে আমি ত্রুটিহীন এবং সুশাসনের প্রতি অগাধ ও গভীর যোগ্যতাসম্পন্ন হিসেবে দেখেছি। তিনি ছিলেন ড. মনমোহন সিং।
তিনি জানান, মনমোহন সিং দলীয় কোনও কোন্দলে জড়িত ছিলেন না এবং তার অন্তর্ভুক্তি বাম দলগুলোর সমর্থন পাওয়া জোট সরকারের অর্থনীতি পরিচালনার সক্ষমতা নিয়ে তৈরি হওয়া দ্বিধা কাটাতে সাহায্য করেছিল।
সোনিয়া ২০০৪ সালের ১৮ মে মনমোহন সিংকে নিয়ে সরকার গঠনের দাবি জানাতে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার মুহূর্তটির স্মৃতিচারণ করেন। শাশুড়ি ইন্দিরা গান্ধী ও স্বামী রাজীব গান্ধীর সঙ্গে আগে বহুবার সেখানে গেলেও সেদিন অন্য উদ্দেশ্যে গিয়েছিলেন বলে জানান। ১০ জনপথে ফেরার সময় বা তার পরেও মনমোহন সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী পদ নিয়ে তার কোনও আলোচনা হয়নি; কারণ সবাই ধরে নিয়েছিল সোনিয়াই প্রধানমন্ত্রী হবেন। স্মৃতিকথায় রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে, হিন্দি শেখা, শাড়ি পরা, ভারতীয় খাবারে মানিয়ে নেওয়া এবং সঞ্জয় গান্ধী, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাও উঠে এসেছে।
তবে বিজেপির পক্ষ থেকে এই আত্মত্যাগের বর্ণনাকে কঠোরভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। বিজেপি নেতা দিনেশ প্রতাপ সিং রায়বরেলিতে এক বক্তব্যে দাবি করেন, কংগ্রেস সোনিয়াকে ‘ত্যাগের দেবী’ হিসেবে প্রচার করলেও মূল সত্য ভিন্ন। তিনি বলেন, সোনিয়া গান্ধী কেন প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেছিলেন তা পুরো দেশ জানে। সোনিয়া গান্ধী ও এআইসিসি তৎকালীন রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে শপথ গ্রহণের অনুরোধ জানান। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম বিদেশি বংশোদ্ভূত কোনও নারীকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করাতে স্পষ্টভাবে অস্বীকার করেন।
দিনেশ প্রতাপ সিং আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি কালাম অস্বীকার করার পরই দেশজুড়ে বার্তা দেওয়া হয় যে সোনিয়া গান্ধী ‘ত্যাগের দেবী’। স্মৃতিকথায় তিনি অন্তরাত্মার কথা বললেও সত্য হলো রাষ্ট্রপতি তাকে এই পদের অযোগ্য ঘোষণা করেছিলেন।
সূত্র: ইন্ডিয়া টুডে