ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

ভারতের উত্তরপ্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফাটানো নিয়ে বচসার জেরে রাষ্ট্রপতির এক দেহরক্ষীর মাথায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ২৬ বছর বয়সী সেনা জওয়ান সৌরভ তোমার মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীপাবলির রাতে সৌরভ তার দুই ভাই বিনীত ও মিন্টুকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফাটাচ্ছিলেন। এ সময় ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণ নামের দুই গ্রামবাসীর সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধীরজ দেশি পিস্তল দিয়ে গুলি চালালে একটি বুলেট দেওয়ালে লেগে সৌরভের কানের ঠিক পেছনে তার মাথায় আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে বরৌতের কমিউনিটি হেলথ সেন্টারে এবং পরে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হলেও তার অবস্থা এখনও সংকটাপন্ন।

সৌরভ ২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম অশ্বারোহী রেজিমেন্ট প্রেসিডেন্টস বডিগার্ড-এ রাষ্ট্রপতির ভবনে কর্মরত। ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।

ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে জানান। তার লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি