ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চৌকিতে মোটরসাইকেলে এসে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবারের (১১ নভেম্বর) এ হামলায় বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মির বাজারের কাছে আখরানে বুধবার বিকেলের মাঝামাঝি সময়ে হামলাটি হয়। সিআরপিএফ এক বিবৃতিতে জানায়, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা মোটরসাইকেলে এসে জেলার একটি নাকায় (চৌকি) মোতায়েন নিরাপত্তা সদস্যদের ওপর গুলি চালায়।
বিবৃতিতে বলা হয়, বিকেল প্রায় ২টা ১৫ মিনিটে হামলাকারীরা সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহত তিন সদস্য হলেন রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু ও সোমবীর সিং। গুলিতে দাসের বাঁ পায়ে, চন্দ্রুর পেট ও মেরুদণ্ডে এবং সিংয়ের বাঁ হাতে আঘাত লেগেছে। তারা তিনজনই এখন শঙ্কামুক্ত।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও সেদিন কুলগামে ছিলেন, তবে হামলার স্থানের কাছাকাছি ছিলেন না। কুলগামের সরকারি ডিগ্রি কলেজে তিন দিনব্যাপী ভেশো উৎসবে প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।
ঘটনাস্থলে দেখা যায়, আহত সেনাদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং চিকিৎসাকর্মীরা ছুটে আসছেন। হামলার পরপরই অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়। সাঁজোয়া যানে করে নিরাপত্তা সদস্যদের ঘটনাস্থলের কাছে দেখা যায়। অ্যাম্বুলেন্সের সাইরেনের মধ্যে বাড়তি বাহিনী পাঠানো হয় এবং মাইকে স্থানীয়দের ঘরে থাকার ঘোষণা দেওয়া হয়। হামলাকারীদের খুঁজে বের করতে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।
গত মাসে ছত্তিশগড়ের সুকমা জেলার আলারমেদগু ক্যাম্পে অবশিষ্ট বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আইইডি বিস্ফোরণে সিআরপিএফের চার কর্মকর্তা আহত হয়েছিলেন।