ইসরায়েলের ডেমোক্রেটস পার্টির নেতা ইয়াইর গোলান বলেছেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন সম্ভব। বুধবার (১১ নভেম্বর) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
বিরোধীদের পরিবর্তন জোট ও অতি-অর্থোডক্স ইহুদি দলগুলোর আলোচনায় অগ্রগতির মধ্যে তার এ মন্তব্য এলো। তবে আগামী সরকারে আরব দলগুলোর ভূমিকা নিয়ে মতভেদ রয়ে গেছে।
ইসরায়েলি আর্মি রেডিওকে গোলান বলেন, আমাদের দ্রুত সরকার গঠন করতে হবে। আমার মতে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন সম্ভব। আলোচনার অগ্রগতির ভিত্তিতে তিনি এ পূর্বাভাস দিয়েছেন, নাকি প্রক্রিয়া ত্বরান্বিত করতে চান, তা স্পষ্ট নয়।
গোলান বারবার মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট (রাম) এবং ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন আরব জয়েন্ট লিস্টের সমর্থনে সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছেন। তবে পরিবর্তন জোটের শরিক ও ডানপন্থী ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান তা প্রত্যাখ্যান করেছেন। আরব দল রয়েছে বা তাদের সমর্থনের ওপর নির্ভরশীল, এমন সরকারে যোগ না দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
এদিকে অতি-অর্থোডক্স ইহুদি দলগুলো আছে, এমন সরকারে যোগ দেওয়ার বিষয়ে লিবারম্যান অবস্থান নরম করেছেন। সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের দলের সঙ্গে এসব দল বর্তমানে আলোচনা করছে। রবিবার প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। সংসদ নির্বাচনে তার জোট ও বেনিয়ামিন নেতানিয়াহুর জোট, কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
১২০ আসনের নেসেটে ৬৭ জন সদস্যের প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে সুপারিশ করেছে। নেতানিয়াহুর পক্ষে ছিল ৪৬ জন। সাত সদস্যের একটি দল কাউকেই সুপারিশ করেনি। সরকার গঠনে আইজেনকটের হাতে সময় ২৮ দিন। এর সঙ্গে সর্বোচ্চ ১৪ দিনের বাড়তি সময় পেতে পারেন তিনি।
কুয়েতে যৌথ সামরিক কেন্দ্র গড়ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ