হোস্টেলে ঘুমন্ত শিক্ষার্থীর বিছানায় ভেঙে পড়লো ক্যাবিনেট, এরপর যা হলো

ভারতের রাজস্থানের কোটার একটি হোস্টেলে ঘুমের মধ্যে এক শিক্ষার্থীর বিছানার ওপর দেয়ালে লাগানো ভারী স্টোরেজ ক্যাবিনেট হঠাৎ ভেঙে পড়েছে। অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। ঘরের ভেতরে বসানো সিসিটিভি ক্যামেরায় ভয়ংকর এ ঘটনা ধরা পড়েছে।

জানা গেছে, হোস্টেলে বারবার চুরির ঘটনা ঘটায় নিজের জিনিসপত্রে নজর রাখতে ক্যামেরাটি বসিয়েছিলেন ওই শিক্ষার্থী। কিন্তু ফুটেজে ধরা পড়েছে অপ্রত্যাশিত দুর্ঘটনা। ভিডিওতে দেখা যায়, ভারী স্টোরেজ ইউনিটটি হঠাৎ খুলে এসে বিছানার ওপর আছড়ে পড়ছে। ক্যাবিনেটটি শিক্ষার্থীর মাত্র কয়েক ইঞ্চি দূরে পড়ায় তিনি আঘাত থেকে রক্ষা পান। পড়ার ধাক্কায় বই ও অন্যান্য জিনিসপত্র ঘরময় ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থী বড় কোনও আঘাত ছাড়াই রক্ষা পেলেও কোচিং হাব কোটার ছাত্রাবাস ও পেয়িং গেস্ট আবাসনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী আসবাব বসানোর মান ও শিক্ষার্থী আবাসনের মৌলিক নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন তুলেছেন। 

একজন ব্যবহারকারী লিখেছেন, এটি সত্যিই ভীতিকর। শিক্ষার্থীদের নিরাপত্তা কখনোই ক্ষুণ্ন হওয়া উচিত নয়, বিশেষ করে যে জায়গা তাদের দ্বিতীয় বাড়ি হওয়ার কথা। মৌলিক নিরাপত্তা পরীক্ষা ও যথাযথ রক্ষণাবেক্ষণ অপরিহার্য।

আরেকজন লিখেছেন, আশা করি শিক্ষার্থীরা নিরাপদ আছেন, আবাসনের মান যাচাই করা দরকার। তৃতীয় একজন মন্তব্য করেছেন, এ ধরনের দুর্ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কোটার শিক্ষার্থীরা এমনিতেই যথেষ্ট মানসিক চাপে থাকেন, তাদের পড়ন্ত আসবাব থেকে বাঁচতে হওয়া উচিত নয়। হোস্টেল কর্তৃপক্ষকে এগিয়ে এসে কাঠামোগত মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চতুর্থ একজন যোগ করেছেন, হোস্টেলে নিরাপত্তা সব সময় প্রথম অগ্রাধিকার হওয়া উচিত, ঐচ্ছিক বিষয় নয়। প্রতিটি শিক্ষার্থী এমন হোস্টেল পাওয়ার যোগ্য, যেখানে তিনি নিরাপদ, সম্মানিত ও সুরক্ষিত বোধ করবেন।

সূত্র: এনডিটিভি