মস্তিষ্কের রক্তপ্রবাহ ট্র্যাকার নিয়ে ভারতীয় ধনকুবের ও চিকিৎসকদের বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৮:৪৬ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৪৬

ভারতীয় ধনকুবের উদ্যোক্তা দীপিন্দর গোয়ালের তৈরি একটি ক্ষুদ্র পরিধেয় ডিভাইস নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেশটির শীর্ষ কয়েকজন ক্রীড়াবিদ ডিভাইসটি প্রদর্শন করছেন। তবে ৯০০ ডলার দামের টেম্পল নামের এই ডিভাইসের মস্তিষ্কের রক্তপ্রবাহ ট্র্যাক করার দাবি অতিরঞ্জিত বলে সমালোচনা করছেন চিকিৎসকেরা।

ডিভাইসটি ১ ইঞ্চি চওড়ার কম এবং ওজন ২ গ্রামেরও কম। এটি কপাল ও কানের মাঝামাঝি মাথার পাশে, অর্থাৎ রগের জায়গায় লাগিয়ে রাখতে হয়।

প্রচারণামূলক উপকরণে বলা হয়েছে, এর ব্রেইনফ্লো ফিচার রিয়েল-টাইমে দেখায় মস্তিষ্কে কতটা ভালোভাবে রক্ত সরবরাহ হচ্ছে। আর এন্ট্রপি ফিচার শনাক্ত করতে পারে, শরীর তাপ ঝেড়ে ফেলতে কতটা পরিশ্রম করছে। এ ছাড়া তাপীয়, রোগ প্রতিরোধ, পরিপাক, জ্ঞানীয় ও আবেগীয় রিডিংও মাপতে পারে বলে দাবি করা হয়েছে, যা একজন মানুষের স্বাস্থ্য নিয়ন্ত্রণের ধরন বদলে দিতে সহায়তা করবে।

৮৫ হাজার রুপি বা প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা দামের ডিভাইসটি ছয়টি রঙে পাওয়া যায়। ভারতের ক্রিকেট অধিনায়ক শুবমান গিল এবং অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু এটি পরেছেন।

দেশটির কয়েকজন নামী চিকিৎসক এসব দাবি নিয়ে সংশয় প্রকাশ করে বলছেন, ডিভাইসটির সক্ষমতা পিয়ার-রিভিউড গবেষণায় প্রমাণিত নয়। প্রাইম-টাইম অনুষ্ঠান ও সামাজিক মাধ্যমে তারা ডিভাইসটিকে চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থাগুলোর আওতায় আনার দাবি জানাচ্ছেন।

দ্য লিভারডক নামে পরিচিত ভারতীয় হেপাটোলজিস্ট সিরিয়াক ফিলিপস ৩ লাখ ২৮ হাজার অনুসারীর এক্স অ্যাকাউন্টে ডিভাইসটিকে সবচেয়ে বড় স্বাস্থ্য প্রতারণা বলেছেন। রয়টার্সকে তিনি বলেন, স্বাস্থ্য-ডিভাইস হিসেবে বিপণন না হলেও ওয়্যারেবলের মতো ওয়েলনেস কৌশল সম্পর্কে মানুষকে সচেতন থাকতে হবে।

এক প্রাইম-টাইম টিভি আলোচনায় শিশুরোগ ও কিডনি বিশেষজ্ঞ সঞ্জীব বাগাই টেম্পলকে গিমিক বলেন। তার ভাষ্য, এর কোনও আনুষ্ঠানিক অনুমোদন বা ছাড়পত্র নেই।

সমালোচনার জবাবে গোয়াল বলেছেন, টেম্পল একটি ফিটনেস ট্র্যাকার ও ওয়েলনেস ডিভাইস, চিকিৎসা ডিভাইস নয়। রয়টার্সকে দেওয়া বিবৃতিতে টেম্পল জানায়, ব্রেইনফ্লো ও এন্ট্রপি উদীয়মান বিজ্ঞানভিত্তিক নতুন মেট্রিক এবং আরও গবেষণা হবে। তারা আরও বলেছে, কিছু মেট্রিকের জন্য শেষ পর্যন্ত নিয়ন্ত্রক অনুমোদন লাগবে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। এ জনবিতর্কে সরকারও এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।

কখন একটি ফিটনেস ফিচার চিকিৎসা ফিচারে পরিণত হয়, সে প্রশ্নের মুখে বিদেশের ওয়্যারেবল নির্মাতারাও পড়ছে। অ্যাপল ওয়াচের হাইপারটেনশন নোটিফিকেশনের মতো কিছু ফিচার সফটওয়্যারভিত্তিক চিকিৎসা ফিচার হিসেবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ছাড়পত্র পেয়েছে। গত বছর এফডিএ হুপকে সতর্ক করে বলেছিল, তাদের কবজিতে পরার ফিটনেস ট্র্যাকারের রক্তচাপ ফিচারটি চিকিৎসা ফিচারের মতো দেখাচ্ছে। কোম্পানিটি এ মত অস্বীকার করে।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ায় সৌদিতে নারীকে ১০০ বেত্রাঘাত
২-৩ সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন সম্ভব: ইসরায়েলি বিরোধী নেতা
জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্য
সর্বশেষ খবর
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগে বাধা নেই, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ
উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগে বাধা নেই, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা