হংকংয়ের একটি স্কুলের টয়লেটের কিউবিকলে ছয় ছাত্রীর ই-সিগারেট টানার ভিডিও ভাইরাল হয়েছে। এরপর শিক্ষা কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করেছে।
ছয়জন এক ঘরে হটপট খেতে জড়ো হয়েছে শিরোনামের ২০ সেকেন্ডের ক্লিপটি মঙ্গলবার মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, ভিডিওটি স্ন্যাপচ্যাট থেকে পুনরায় পোস্ট করা, যা গত সপ্তাহে ধারণ করা হয়েছিল।
স্কুল ইউনিফর্ম পরা ছয় শিক্ষার্থী একটি টয়লেট কিউবিকলে ঠাসাঠাসি করে আছে। ভিডিওতে স্ন্যাপচ্যাটের একটি ফিল্টার ব্যবহার করা হয়েছে। শুরুতে মেয়েদের হাসাহাসি ও ঠাট্টা করতে দেখা যায়। ক্যামেরা ঘুরে ভিডিও ধারণকারীর পেছনে দাঁড়ানো এক শিক্ষার্থীর দিকে গেলে দেখা যায়, তার হাতে ই-সিগারেটের মতো কিছু একটা রয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে বুঝতে পেরে সে হেসে বিজয়ের চিহ্ন দেখায়। ক্লিপের শেষে ছয়জনই একসঙ্গে একই ভঙ্গি করে।
অনলাইন ব্যবহারকারীরা বলছেন, ইউনিফর্মটি সুয়েন ওয়ানের পো লেউং কুক সেকেন্ডারি স্কুলের মতো, কেউ কেউ একে পো লেউং কুক ইয়াও লিং সান কলেজ বলে শনাক্ত করেছেন। অন্যরা জানিয়েছেন, তারা শিক্ষা ব্যুরো ও স্কুলে অভিযোগ করে বিষয়টির সমাধান চেয়েছেন।
ব্যুরো ও স্কুলের প্রতিক্রিয়া
শিক্ষা ব্যুরো জানিয়েছে, তারা ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং তাৎক্ষণিকভাবে স্কুলের সঙ্গে যোগাযোগ করেছে। ব্যুরো উল্লেখ করেছে, স্কুলটি সংকট ব্যবস্থাপনা কৌশল সক্রিয় করেছে এবং শৃঙ্খলা ও কাউন্সেলিং কাঠামোর আওতায় ব্যবস্থা নিচ্ছে। ব্যুরো বলেছে, শিক্ষার্থীদের মধ্যে সঠিক মূল্যবোধ ও আচরণ গড়ে তুলতে স্কুলকে আরও উদ্যোগ নিতে স্মরণ করানো হয়েছে। ব্যুরো স্কুলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে এবং যথাযথ পরামর্শ ও সহায়তা দেবে।
সাউথ চায়না মর্নিং পোস্টকে পো লেউং কুক ইয়াও লিং সান কলেজ জানায়, তাদের শিক্ষার্থীদের জড়িয়ে অনলাইনে ছড়ানো ক্লিপ নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সংশ্লিষ্টদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করে গুরুতর পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুলটি জানায়, শিক্ষার্থীদের সুচরিত্র গঠনে তারা অঙ্গীকারবদ্ধ এবং যথাযথ সহায়তা ও দিকনির্দেশনা দিতে শৃঙ্খলা ও কাউন্সেলিং ব্যবস্থা চালু রয়েছে।
একের পর এক ঘটনা
স্কুলে শিক্ষার্থীদের ভেপিংয়ের ধারাবাহিক ঘটনার সর্বশেষ এটি। সেপ্টেম্বরে কাউলুন টংয়ে স্কুলের টয়লেটে এটোমিডেট ভেপিংয়ের সন্দেহে শিক্ষকদের অভিযোগে তিন ১৩ বছর বয়সী ছাত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
গত বছর সুয়েন ওয়ানের আরেকটি স্কুলের শিক্ষার্থীদের বলে মনে হওয়া পোস্ট থ্রেডসে ভাইরাল হয়। এতে মদের বোতলের পাশে সিঁড়িঘরে এক ছাত্রীর ধূমপানের ছবি এবং টয়লেট কিউবিকলে ইউনিফর্ম পরা ছেলেদের ভেপিংয়ের ভিডিও ছিল।
২৬ এপ্রিল থেকে কার্যকর কঠোর তামাক নিয়ন্ত্রণ আইনে প্রকাশ্যে ভেপ পড, ই-লিকুইড ও হিট স্টিকসহ বিকল্প ধূমপান পণ্য রাখা ব্যক্তিগত ব্যবহারের জন্যও অপরাধ।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট