চীনের মহান বিপ্লবী নেতা সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গণমহাভবনে এক বর্ণাঢ্য স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
ভাষণের একটি বড় অংশজুড়ে তাইওয়ান প্রসঙ্গ তুলে ধরে শি জিনপিং বলেন, তাইওয়ান সমস্যার সমাধান এবং মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অর্জন সিপিসির দীর্ঘদিনের অবিচল ঐতিহাসিক দায়িত্ব। এটি দেশে ও বিদেশে বসবাসরত সব চীনা জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা এবং চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়নের অপরিহার্য শর্ত।
চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, চীন ‘দুই প্রান্তের মানুষ একই পরিবারের সদস্য’, এই ধারণা অনুসরণ করে এবং ভবিষ্যতেও ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ, এক দেশ দুই ব্যবস্থা’ নীতি বজায় রাখবে। তিনি বলেন, এক-চীন নীতি এবং ‘১৯৯২ সালের ঐকমত্যের’ ভিত্তিতে তাইওয়ানের বিভিন্ন মহলের দূরদর্শী ব্যক্তিদের সঙ্গে সংলাপ ও আলোচনা করতে চীন প্রস্তুত। এ ক্ষেত্রে তাইওয়ানের বাস্তব পরিস্থিতি এবং সেখানকার জনগণের স্বার্থ ও অনুভূতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হবে। তবে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রতিষ্ঠার যেকোনও ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কোনও সুযোগ রাখা হবে না।
সুন ইয়াত-সেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শি জিনপিং বলেন, তিনি ছিলেন একজন মহান জাতীয় বীর, মহান দেশপ্রেমিক এবং চীনের গণতান্ত্রিক বিপ্লবের মহান অগ্রদূত। চীনকে নতুনভাবে গড়ে তোলার সংগ্রামে তিনি সারা জীবন উৎসর্গ করেছেন। তার ‘চীনকে পুনরুজ্জীবিত করো’ স্লোগান প্রজন্মের পর প্রজন্ম ধরে চীনের মানুষকে অনুপ্রাণিত করেছে। সিপিসির সদস্যরা সুন ইয়াত-সেনের বিপ্লবী কর্মকাণ্ডের সবচেয়ে দৃঢ় সমর্থক ও নিবেদিত উত্তরসূরি।
শি জিনপিং আরও বলেন, সুন ইয়াত-সেন সারা জীবন জনগণের কল্যাণের কথা ভেবেছেন। তার চেতনাকে এগিয়ে নিতে হলে জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং পুরো প্রক্রিয়াজুড়ে জনগণের গণতন্ত্রের বিকাশ ও সবার অভিন্ন সমৃদ্ধি অর্জনে কাজ করতে হবে। এ ছাড়া সুন ইয়াত-সেনের বিশ্বমুখী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তাইওয়ান প্রণালির দুই পাশের মানুষ এবং দেশে-বিদেশে বসবাসরত সব চীনা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ‘তাইওয়ানের স্বাধীনতাপন্থি’ বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করার আহ্বান জানিয়ে শি জিনপিং বলেন, ‘ইতিহাসের গতিধারা কেউ থামাতে পারবে না। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হবে এবং তা বাস্তবায়ন করা সম্ভব।’
সূত্র: সিএমজি