ইউক্রেনে শান্তিচুক্তি প্রতিষ্ঠার সবশেষ প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার মস্কোয় পৌঁছেছেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ।
মস্কোয় তুষারপাতের মধ্যে পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ বিমানবন্দরে তাদের স্বাগত জানান। দিনের প্রথম ভাগে ক্রেমলিনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে, যা পুতিনের সঙ্গে উইটকফের দশম সরাসরি সাক্ষাৎ।
এর আগে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই দিনের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা বুধবার শেষ হয়েছে। বৈঠকে বড় পরিসরে বন্দিবিনিময়ের পরিকল্পনার কথা জানা গেলেও সার্বিক আলোচনায় কোনও বড় অগ্রগতি দেখা যায়নি। সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে ৯ মাসের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি আলোচনা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করলেও ভূখণ্ডের মতো প্রধান বিষয়গুলোতে মতপার্থক্য রয়েই গেছে। শান্তির বিনিময়ে পূর্বাঞ্চলীয় পুরো ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার পুতিনের দাবি কিয়েভ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভূখণ্ড নিয়ে অচলাবস্থার কারণে মার্কিন মধ্যস্থতাকারীরা এখন যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা গ্যারান্টি ও পুনর্গঠনের দিকে আলোচনা ঘোরানোর চেষ্টা করছেন।
এদিকে, ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে মস্কো ন্যাটো সদস্যদেশগুলোর সঙ্গে অনাক্রমণ চুক্তি করতে পারে বলে বুধবার এক জ্যেষ্ঠ রুশ কূটনীতিক জানিয়েছেন। তবে ইউক্রেন নিয়ে যুদ্ধবিরতিসহ বাস্তব অগ্রগতি ছাড়া ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিয়ে কোনও আলোচনার বিরোধিতা করেছেন ইউরোপীয় রাজনীতিবিদেরা।
সূত্র: রয়টার্স
তাইওয়ানের স্বাধীনতার কোনও সুযোগ নেই: সুন ইয়াত-সেনের জন্মবার্ষিকীতে শি জিনপিং
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল