ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে কঠোর শরিয়াহ আইনের আওতায় প্রকাশ্যে ভালোবাসা প্রদর্শনের অভিযোগে এক নারীকে বেত্রাঘাত করা হয়েছে। বেত্রাঘাতের পর দাঁড়িয়ে থাকতে তাকে অন্যের সহায়তা নিতে দেখা যায়। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার একমাত্র শরিয়াহ আইন কার্যকর থাকা এই প্রদেশে বৃহস্পতিবার প্রকাশ্যে বেত্রাঘাতের শিকার ছয়জনের মধ্যে ওই নারী একজন।
সাজাপ্রাপ্ত ছয়জনের মধ্যে চারজনকে বিবাহবহির্ভূত নারী-পুরুষের মধ্যে প্রকাশ্যে ভালোবাসা প্রদর্শনের জন্য এবং বাকি দুজনকে জুয়া খেলার অপরাধে এই শাস্তি দেওয়া হয়। তাদের ৯ থেকে ২২টি পর্যন্ত বেত্রাঘাত করা হয়েছে। এর আগে গত আগস্টে টিকটক লাইভস্ট্রিমে চুম্বনের অভিযোগে এক নারীকে প্রথমবার প্রকাশ্যে বেত্রাঘাত করেছিল প্রদেশটি।
মসজিদ প্রাঙ্গণ বা শহরের চত্বরে জনসমক্ষে এ ধরনের শাস্তি কার্যকর করা হয়, যা উপস্থিত দর্শকরা মুঠোফোনে ধারণ করেন। মানবাধিকার সংস্থাগুলো এই প্রকাশ্য শাস্তির সমালোচনা করে বলছে, এটি শারীরিক নিষ্ঠুরতার পাশাপাশি দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত তৈরি করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, বেত্রাঘাত ইন্দোনেশিয়ার সংবিধানের পরিপন্থি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন। এটি একটি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি এবং জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদসহ অন্যান্য আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করে নির্যাতনের শামিল হতে পারে, যেগুলোর পক্ষভুক্ত রাষ্ট্র ইন্দোনেশিয়া নিজেও।
সূত্র: উইয়ন নিউজ