রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার কাজে ব্যবহৃত বিশেষ ব্রিফকেসের দেখা মিলেছে চীনে। দেশটির শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ভেন্যুর বাইরে বুধবার এক রুশ নৌবাহিনীর কর্মকর্তার হাতে এটি দেখা যায়।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া-১-এর এক প্রতিবেদনে ব্রিফকেসটি বহনের দৃশ্য প্রচার করা হয়। চ্যানেলটির সংবাদদাতা ইয়েভগেনি পোপভ ওই কর্মকর্তার কাছে জানতে চান, তার হাতে থাকা ব্রিফকেসটি পারমাণবিক হামলার অনুমোদন দেওয়ার কাজে ব্যবহৃত সেই ব্রিফকেস কি না। কর্মকর্তা হ্যাঁ-সূচক জবাব দেন। এরপর একই বিষয় নিশ্চিত করতে আবার প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটিই।’ ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কী আছে পারমাণবিক ব্রিফকেসে?
রাশিয়ার পারমাণবিক ব্রিফকেসের নাম ‘চেগেট’। ককেশাস অঞ্চলের মাউন্ট চেগেটের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। ১৯৮০-এর দশকে ব্যবস্থাটি তৈরি করা হয় এবং ১৯৮৫ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের শাসনামলে এটি কার্যকর হয়।
সাধারণত পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর একজন কর্মকর্তা ব্রিফকেসটি বহন করেন। এটি খুব কমই জনসমক্ষে দেখা যায়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের জন্যও একই ধরনের দুটি ব্রিফকেস রয়েছে।
ব্যবস্থাটি তৈরির সঙ্গে যুক্ত ভ্যালেনতিন গোলুবকভ ২০১৪ সালে রুশ সংবাদমাধ্যম কমসোমলস্কায়া প্রাভদাকে জানিয়েছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করাই এর উদ্দেশ্য। এর মাধ্যমে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার পরিচালনার নির্দেশনা সমন্বয় করা হয়।
গোলুবকভের ব্যাখ্যা অনুযায়ী, অনুমোদন ছাড়া যাতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না যায়, সেটিও এ ব্যবস্থা তৈরির অন্যতম উদ্দেশ্য ছিল। প্রেসিডেন্টের অনুমোদন প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের কাছে থাকা একই ধরনের ব্রিফকেসের সঙ্গে সমন্বয় করে কার্যকর করা হয়।
আগেও দেখা গিয়েছিল ব্রিফকেস
২০২৩ সালের অক্টোবরে পুতিনের বেইজিং সফরের সময়ও একই ধরনের ব্রিফকেস দেখা গিয়েছিল। সে সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে পুতিনকে দুই নৌবাহিনীর কর্মকর্তার সঙ্গে যেতে দেখা যায়। তাদের হাতে ছিল দুটি ব্রিফকেস।
এবার এপেক সম্মেলনে যোগ দিতে শেনজেনে পৌঁছেছেন পুতিন। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আলোচনায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়ার পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কাবস্থায় রেখেছিলেন পুতিন। একই সঙ্গে নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত করেন এবং দেশের পারমাণবিক প্রতিরোধনীতির নির্দেশিকায় পরিবর্তন আনেন।
সূত্র: আল জাজিরা, রয়টার্স