১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে একটি কাঠামোবদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তুরস্কে পুনর্বাসন করবে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটি এ ঘোষণা দিয়েছে। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের পর রোহিঙ্গাদের নিয়ে এটি হবে সবচেয়ে বড় পুনর্বাসন উদ্যোগগুলোর একটি।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এক বিবৃতিতে পরিকল্পনাটি জানান। এর একদিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হত্যা ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।

বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ এই প্রস্তাব।

তিনি বলেন, ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী গ্রহণে তুরস্ক সরকারের সম্মতিকে আমি স্বাগত জানাই। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ হয়ে থাকা এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে মালয়েশিয়ার প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আহমদ জাহিদ বলেছেন, শরণার্থী পুনর্বাসন ব্যবস্থাপনায় দেশগুলো কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তুরস্কের সঙ্গে এই উদ্যোগ তার একটি মডেল হতে পারে।

তিনি আরও বলেন, অংশগ্রহণকারী বাছাই, প্রশিক্ষণ, কাগজপত্র ও পুনর্বাসন সমন্বয়ে সরকার তুরস্কের কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে। বাস্তবায়নে শিল্পের চাহিদা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক নিয়ম বিবেচনায় নেওয়া হবে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে মালয়েশিয়ার ওপর চাপ রয়েছে। ইউএনএইচসিআরের তথ্যমতে, ফেব্রুয়ারির শেষে মালয়েশিয়ায় মিয়ানমারের নিবন্ধিত শরণার্থী ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার, যার প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। জানুয়ারি থেকে এ পর্যন্ত মালয়েশিয়া মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে।

সূত্র: রয়টার্স