দিল্লিতে এ সপ্তাহে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে যোগ দেওয়া পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক রাজনৈতিক ঝড়ের কেন্দ্রে রয়েছেন। রাজধানীর ঐতিহাসিক পুরানা কিলায় ২০ থেকে ২২ নভেম্বর প্রথম এসসিও সভ্যতা সংলাপ ফোরাম আয়োজন করা হচ্ছে।
এনডিটিভিকে সূত্রগুলো জানিয়েছে, ভারত সফরের সময় মালিক কয়েকটি স্থানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে তাজমহল দেখার সুযোগ এখনও থাকতে পারে। তবে নিজামুদ্দিন দরগা দেখার ছাড়পত্র তিনি পাননি।
সূত্র অনুযায়ী, পাকিস্তানি মন্ত্রী আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু এসসিও বৈঠকের বাইরে কোনও কর্মসূচির অনুমতি দেয়নি ভারত সরকার। তাকে জানানো হয়েছে, এ সফরে তিনি শুধু এসসিও অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, অন্য কোথাও যেতে পারবেন না।
২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এটি কোনও পাকিস্তানি ফেডারেল মন্ত্রীর প্রথম ভারত সফর। ২০২৫ সালের মে মাসে পাহালগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর-এর পর কোনও পাকিস্তানি নেতার এটি প্রথম ভারত সফর।
ভারত ২৮ অক্টোবর ঘোষণা করেছিল, প্রতিষ্ঠিত রীতি অনুযায়ী পাকিস্তানসহ সব এসসিও সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিকের অংশগ্রহণ নিশ্চিত করে। পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার পারস্পরিক শ্রদ্ধার চেতনায় এসসিও কাঠামোর মধ্যে সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের মধ্যে যোগাযোগ উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় কেন্দ্রকে তুলোধুনো করেছে বিরোধী দল। তাদের প্রশ্ন, পাহালগামের পর কী বদলেছে যে প্রতিবেশী দেশের প্রতি নীতি বদলাতে হলো। ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করায় মুসাদ্দিক মালিকের আক্রমণাত্মক মন্তব্যের কথাও তুলেছে বিরোধীরা।
২০০১ সালে সাংহাই সম্মেলনে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টরা এসসিও প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান এর স্থায়ী সদস্য হয়। ২০২৩ সালে সদস্য হয় ইরান।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্টের বৈঠক হয়, যাতে প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেন। গত মাসে এসসিওর পরবর্তী কাউন্সিল অব হেডস অব স্টেটের প্রস্তুতি বৈঠকে ভারত তাদের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠিয়েছিল।
সূত্র: এনডিটিভি
ভারতে মার্কিন নৌবাহিনীর জাহাজ