এক মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

২০১৮ সালে দায়ের করা একটি মানহানির মামলায় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করেছে দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এই আদেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালে এই মানহানির অভিযোগটি দায়ের করেছিলেন বিকাশ পাণ্ডে। আদালত মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। এ বিষয়ে বিস্তারিত আদেশের অপেক্ষা করা হচ্ছে।

এর আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তারও আগে গত ১৭ অক্টোবর নোটিশ জারি করতে গিয়ে আদালতের একজন কর্মী রাঠির বাড়ি তালাবদ্ধ অবস্থায় পান। ওই প্রতিবেদনের পর আদালত তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারির পাশাপাশি হরিয়ানার গুরুগ্রামের ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

শুনানিতে রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে, ধ্রুব রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন এবং দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন। আদালত উল্লেখ করেছেন, এই মামলায় ২০১৯ সালের জুলাই মাসে ধ্রুব রাঠিকে প্রথমবার সমন পাঠানো হয়েছিল।