ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে বরাক নদীতে ভেসে নিখোঁজ হয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ান। সোমবার (২৩ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
কাছাড়ের কাটিগোড়া এলাকার হরিনগর বর্ডার আউটপোস্টের (বিওপি) কাছে এই ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা সেখানে চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু চোরাকারবারির চলাচলের খবর পেয়েছিলেন।
চোরাকারবারিদের গতিবিধি রুখতে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব এবং কনস্টেবল কে ভেনু নামের দুজন জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। বিএসএফ সদস্যরা বাধা দিলে সন্দেহভাজন চোরাকারবারিরা বরাক নদীতে ঝাঁপিয়ে পড়ে। তাদের ধরতে দুই জওয়ানও পানিতে নামেন।
জিতেন্দ্র যাদব নিরাপদে নদীর তীরে ফিরে আসতে পারলেও স্রোতে ভেসে যান কে ভেনু এবং এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ কনস্টেবল ভেনুর বাড়ি ভারতের অন্ধ্র প্রদেশে। ঘটনার পরপরই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। এই উদ্ধার অভিযানে বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগোড়া থানা পুলিশও যুক্ত হয়েছে।