রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার

নতুন দফার প্রত্যাবাসনে ৬ হাজার ৫০০-র বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ কথা জানিয়েছেন। হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দেওয়ার পাঁচ দিন পর মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হলো।

ঐতিহাসিকভাবে মিয়ানমারের নির্বাসিতদের আশ্রয় দিলেও বিপুল সংখ্যক শরণার্থী নিয়ে ক্রমে হতাশ হয়ে উঠছে মালয়েশিয়া। দেশটির ভাষ্য, শরণার্থীদের আশ্রয় দেওয়া আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে একটি অস্বচ্ছ প্রকল্পের আওতায় যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। এ নিয়ে অধিকার সংগঠনগুলো উদ্বিগ্ন।

কীভাবে ফেরত পাঠানো হবে

মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার জানান, ৬ থেকে ৭ ডিসেম্বর তিনটি নৌবাহিনীর জাহাজে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, পুরো ডিসেম্বর মাসে ৫ হাজার ৩০৩ জনকে বিমানে ফেরত দেওয়া হবে মিয়ানমার সরকারের খরচে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় সংস্থাটির নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থী ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন। এর প্রায় ৯০ শতাংশ মিয়ানমারের। জাতিসংঘের হিসাবে, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। মূলত মুসলিম এই জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু বলে বর্ণনা করা হয়।

আইসিজের নির্দেশনা

গত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, মিয়ানমারের কর্তৃপক্ষকে দেশের ভেতরে বা বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অনুমতি দিতে ও তা সহজ করতে হবে।

জান্তাপ্রধানকে আপ্যায়ন নিয়ে সমালোচনা

গত মাসে মালয়েশিয়া মিয়ানমারের সাবেক জান্তাপ্রধান, বর্তমানে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দিয়েছে। অধিকার সংগঠনগুলো সমালোচনা করে বলেছে, এতে মিয়ানমারের সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি হয় এবং ফেরত পাঠানো মানুষের জন্য বিপদ বাড়ে।

আনোয়ার বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তার যোগাযোগ মালয়েশিয়ার স্বার্থ রক্ষার প্রচেষ্টার অংশ এবং আইসিজের রায়ের সঙ্গে সংগতিপূর্ণ। রায়ের লক্ষ্য নিপীড়ন থেকে পালানো মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী স্বীকার করেন, মালয়েশিয়ায় থাকা অনেক আশ্রয়প্রার্থী মিয়ানমার শাসকগোষ্ঠীর চালানো নৃশংসতার শিকার। তবে তিনি বলেন, মালয়েশিয়া আর শরণার্থী আশ্রয় দিতে পারছে না এবং তৃতীয় কোনও দেশে তাদের পুনর্বাসনের আশা কাজ করেনি।

হেফাজতে আটক নিয়ে উদ্বেগ

গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানিয়েছিল, সম্প্রতি দেশটিতে ফিরে যাওয়া শত শত অভিবাসীকে সামরিক হেফাজতে রাখা হয়েছে, এমন খবরের ব্যাখ্যা তারা মিয়ানমারের কাছে চাইবে। আনোয়ার সেই ব্যাখ্যা চাওয়ার কথা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, রোহিঙ্গা ও অন্যান্য নৃগোষ্ঠীর বিষয়ে উদ্বেগ নিয়ে মালয়েশিয়া নিজের অবস্থান আবার তুলে ধরেছে, যা আইসিজের রায়েও গুরুত্ব পেয়েছে।

সূত্র: আল জাজিরা