সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৭ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৭

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে সিন্ধু প্রদেশ ভাগের প্রস্তাবের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো সিন্ধি জাতীয়তাবাদী। রঙিন বাসে চড়ে ঐতিহ্যবাহী সিন্ধু আজরাক স্কার্ফ ও টুপি পরে আসা বিক্ষোভকারীদের মধ্যে জয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ (জেএসএমএম) পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে শক্তিশালী প্রদেশ পাঞ্জাবের ওপর অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছে। তারা ‘সিন্ধুদেশ’ স্লোগানও দিয়েছে। তাদের ভাষ্য, সিন্ধুর অখণ্ডতা দর-কষাকষির অযোগ্য।

শুধু করাচিতে নয়, সিন্ধুজুড়ে বিক্ষোভ ছড়িয়েছে। জাতীয়তাবাদী সংগঠন ও নেতারা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন সামরিক প্রতিষ্ঠান এবং পাঞ্জাব-আধিপত্যের ব্যবস্থার বিরুদ্ধে তাদের জন্মভূমিকে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

প্রস্তাব নিয়ে বিতর্ক

মুনিরের সহযোগী ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নতুন প্রদেশ গঠনের প্রস্তাব তোলার পর বিক্ষোভ শুরু হয়। নাকভি ইসলামাবাদে পাকিস্তান ইকোনমিক সামিটে ছোট প্রশাসনিক একক গঠনের পক্ষে বলেন এবং গণভোটের কথা বলেন। সিন্ধুকেন্দ্রিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ফেডারেল সরকারকে সতর্ক করেন, সিন্ধু ভাগের যেকোনও চেষ্টায় সিন্ধুর মানুষ অস্ত্র ধরতে পারে এবং করাচি ও হায়দরাবাদের রাস্তায় রক্তপাত ঘটতে পারে। তার দল ওই সরকারেরই অংশ। সাংবিধানিক পদ্ধতি এড়িয়ে যাওয়ার বিরুদ্ধেও তিনি সতর্ক করেছেন।

পাকিস্তানে বর্তমানে চারটি প্রদেশ। পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল প্রদেশের সংখ্যা ১২ থেকে ১৫-তে বাড়ানোর কথা বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ২২ নভেম্বর বলেন, ২০২৬ সালের শেষ নাগাদ গণভোট নিয়ে আলোচনা বাস্তব রূপ নিতে পারে। তবে প্রস্তাবিত প্রদেশগুলোর কোনও সর্বসম্মত মানচিত্র বা সংবিধান সংশোধনের খসড়া এখনও প্রকাশ করা হয়নি।

করাচিতে মিছিল

বিজনেস রেকর্ডারের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২২ নভেম্বর) চারটি সিন্ধি জাতীয়তাবাদী দলের জোট জয়ে সিন্ধ রাহবার কমিটির (জেএসআরসি) ব্যানারে লাল পতাকা হাতে হাজারো মানুষ করাচিতে মিছিল করেন। নেতৃত্বে ছিলেন জয়ে সিন্ধি মাহাজের চেয়ারম্যান রিয়াজ আলী চান্ডিও, নিয়াজ কালানিসহ অন্য নেতারা। আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও যোগ দেন। এতে করাচির কয়েকটি সড়ক সাময়িক বন্ধ থাকে।

ডনের প্রতিবেদন অনুযায়ী, নেতারা প্রস্তাবিত গণভোট প্রত্যাখ্যান করে বলেছেন, এটি সিন্ধু বিভক্তির আগে থেকে ঠিক করা সিদ্ধান্তকে বৈধতা দিতে ব্যবহৃত হতে পারে। তারা স্পষ্ট করেছেন, তাদের প্রচারণা উর্দুভাষী বা অন্য নৃগোষ্ঠীর বিরুদ্ধে নয়।

পাকিস্তানি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ভিঙ্গাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আজ সিন্ধি জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো নতুন প্রদেশ ও প্রশাসনিক একক গঠনের বিরুদ্ধে মিছিল করছে। ইসলামাবাদ যখনই সিন্ধুর জনসংখ্যাতত্ত্ব বদলাতে চেয়েছে, সিন্ধিরা সব সময় এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। সিন্ধিরা কখনোই ইসলামাবাদকে সিন্ধু ভাগ করতে দেয়নি। সাংবাদিক কাজী আসিফ একে সিন্ধু ভাগের বিরুদ্ধে করাচির রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদ বলে বর্ণনা করেছেন।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে হায়দরাবাদ, নওয়াবশাহ ও লারকানাতেও বিক্ষোভ হয়। ২১ নভেম্বর দাদু জেলার মেহার শহরেও সমাবেশ হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী আয়াজ লতিফ পালিজো এক্সে লিখেছেন, সিন্ধু ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে গত রাতের মেহার জলসায় বিপুল ও উদ্দীপ্ত অংশগ্রহণ প্রতিরোধ, ঐক্য ও রাজনৈতিক সচেতনতার শক্তিশালী বার্তা। এই ছোট শহরের মানুষ দেখিয়েছে, সিন্ধুর অখণ্ডতা দর-কষাকষির অযোগ্য।

২২ নভেম্বর জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) করাচি, সুক্কুর ও জ্যাকোবাবাদসহ কয়েকটি জেলায় বিক্ষোভ করে। দলটির সিন্ধু নেতা রশিদ মাহমুদ সুমরো বলেন, বিলাওয়াল, মাওলানা ফজলুর রহমান ও সিন্ধি জাতীয়তাবাদী দলগুলো সিন্ধু ভাগের বিরুদ্ধে একসঙ্গে আসতে পারে। অক্টোবরে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসন জারির পর ফজলুর রহমান সরকার ও সামরিক প্রতিষ্ঠানের সমালোচনা আরও জোরালো করেছেন। তার অভিযোগ, প্রতিষ্ঠান রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং ফেডারেল সরকারে যোগ না দেওয়ায় তার দলের নেতাদের দুর্নীতি মামলার হুমকি দেওয়া হচ্ছে।

পাঞ্জাব অবরোধের হুমকি

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আয়োজকদের বিজ্ঞপ্তিতে নেতারা মুনির ও পাঞ্জাবের বিরুদ্ধে প্রশাসনিক পুনর্বিন্যাসকে সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করতে ব্যবহারের অভিযোগ তুলেছেন। তাদের আরও অভিযোগ, প্রতিষ্ঠান লাখ লাখ একর কৃষিজমি, উপকূলীয় দ্বীপ এবং প্রদেশের তেল, গ্যাস ও কয়লা সম্পদ দখল করে নিয়েছে।

জেএসআরসির অংশ না হলেও জেএসএমএমের কর্মীরা করাচির সমাবেশে যোগ দেন। সংগঠনটি পাঞ্জাবের ওপর অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা ঘোষণা করেছে এবং জানিয়েছে, সিন্ধু ভাগবিরোধী প্রচারণা সিন্ধুদেশের পূর্ণ স্বাধীনতার আন্দোলনে রূপ নেবে। জার্মানপ্রবাসী জেএসএমএম চেয়ারম্যান শফি মুহাম্মদ বুরফত বলেন, সিন্ধু পাকিস্তান নয়। এক্সে তিনি লিখেছেন, সিন্ধি জাতি পাকিস্তানকে একটি অস্বাভাবিক রাষ্ট্র, পাঞ্জাবি ঔপনিবেশিক দখলদারত্ব এবং প্রতারক পাঞ্জাবি সামরিক বাহিনীর সিন্ধু ভাগের প্রতিটি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করে। এটি বিশ্ব, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের জন্মভূমি সিন্ধুদেশের স্বাধীনতায় সমর্থনের আবেদন জানায়। সিন্ধু পাকিস্তান নয়; সিন্ধুদেশের জাতীয় পুনঃপ্রতিষ্ঠাই সিন্ধি জাতির সংগ্রামের মৌলিক লক্ষ্য।

দলগুলোর অবস্থান ও সামনে কী

২০০৮ সাল থেকে টানা সিন্ধু শাসন করা পিপিপির আশঙ্কা, প্রদেশ ভাগ, বিশেষ করে করাচিকে আলাদা করা, তাদের রাজনৈতিক দুর্গ ও অর্থনৈতিক শক্তি দুর্বল করতে পারে। বিপরীতে ক্ষমতাসীন পিএমএল-এনের মিত্র ও প্রাদেশিক প্রতিদ্বন্দ্বী মুত্তাহিদা কাওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) নতুন প্রদেশের প্রস্তাব সমর্থন করছে।

এ পর্যন্ত বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও সংঘাতের আশঙ্কা রয়েছে। ২৯ নভেম্বর করাচিতে জাতীয়তাবাদীদের আরেকটি বড় মিছিলের কর্মসূচি আছে। একই দিনে নতুন প্রদেশের পক্ষে সমাবেশের পরিকল্পনা করছে এমকিউএম-পি। এর ওপর রয়েছে পাঞ্জাব অবরোধের হুমকি। প্রদেশ ভাগের এই বিতর্ক বৃহত্তর সংঘাতে গড়ানোর ঝুঁকি তৈরি করেছে।

/এএ/
সম্পর্কিত
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো ইউয়ান
ইরানের ওপর স্থল অবরোধ ‘প্রায় অসম্ভব’: আরাঘচি
সর্বশেষ খবর
এইচএসসিতে এক বোর্ডে চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেলেন ১২০ জন, ফেল থেকে পাস ৫০৭
এইচএসসিতে এক বোর্ডে চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেলেন ১২০ জন, ফেল থেকে পাস ৫০৭
তিন দিন ধরে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক সেতু, যেভাবে চলছে যানবাহন
তিন দিন ধরে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক সেতু, যেভাবে চলছে যানবাহন
দেশের ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা
দেশের ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার
ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ