চীনের দুটি প্রদেশের মাটির নিচে ২ হাজার মেট্রিক টনের বেশি স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) মার্কিন ডলার। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিয়াওনিং প্রদেশের দাদংগু খনিতেই ১ হাজার ৪০০ টনের বেশি স্বর্ণ রয়েছে, যা ১৯৪৯ সালের পর চীনে আবিষ্কৃত একক বৃহত্তম স্বর্ণের খনি।
বর্তমান বাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫৫০ ডলার হিসেবে শুধু দাদংগু খনির স্বর্ণের মূল্যই দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৫০০ কোটি ডলার। তবে এই হিসাবে উত্তোলন খরচ বাদ দেওয়া হয়েছে এবং পুরো মজুতটি উত্তোলনযোগ্য কি না তা উল্লেখ করা হয়নি। অন্যদিকে, হুনান প্রদেশের ওয়াংগু এলাকায় অবস্থিত দ্বিতীয় খনিটিতে ১ হাজার টনের বেশি স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালে প্রথম এই খনির তথ্য প্রকাশের সময় এর মূল্য ৮ হাজার ৩০০ কোটি ডলার ধরা হলেও বর্তমান বাজারদরে তা প্রায় ১১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই আবিষ্কারকে ‘সুপারজায়ান্ট’ বা অতিবৃহৎ খনি হিসেবে অভিহিত করেছে। শুরুতে ভূতত্ত্ববিদরা ২ হাজার মিটার গভীরে ৩০০ টন স্বর্ণের সন্ধান পেলেও আরও ১ হাজার মিটার গভীরে খননের পর মজুতের পরিমাণ ১ হাজার টনে দাঁড়ায়।
‘চায়না মাইনিং ম্যাগাজিনে’ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, দাদংগু খনিটি ওয়াংগুর চেয়েও অনেক বড় এবং সেখানে খনন করা প্রতিটি গর্তেই স্বর্ণের অস্তিত্ব মিলেছে। বেইজিংয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির রিসোর্স ইঞ্জিনিয়ার দু জিয়ার নেতৃত্বে গবেষকরা ২০০টির বেশি ড্রিল হোলের তথ্য ও পাথরের স্ফটিক বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, সাধারণ খনির মতো খাড়া কোয়ার্টজ শিরার বদলে এখানে ‘ফিলাইট’ নামক সূক্ষ্ম দানাদার রূপান্তরিত শিলার সমতল স্তরে স্বর্ণ জমা হয়ে আছে।
গবেষকদের মতে, দাদংগু খনির স্বর্ণের মান কিছুটা নিম্নমানের (প্রতি মেট্রিক টনে গড়ে শূন্য দশমিক ৫৬ গ্রাম) হলেও তা উত্তোলন করা বেশ সহজ। এখান থেকে ৬৫ থেকে ৯১ শতাংশ পর্যন্ত স্বর্ণ আহরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মূলত আদি ক্রিটেসিয়াস যুগে ভূ-ত্বকের সংকোচন ও প্রসারণ এবং ‘তান-লু ফল্ট’-এর নড়াচড়ার ফলে এই সমতল স্বর্ণস্তর তৈরি হয়েছে। সাধারণ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছাড়াই ভূ-ত্বকের স্থানান্তরের মাধ্যমে প্যাসিফিক রিম, আলাস্কা ও রাশিয়ার দূরপ্রাচ্যেও এ ধরনের খনি তৈরি হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
সূত্র: উইয়ন নিউজ