ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের আশা, রাশিয়ার সামরিক তৎপরতা বন্ধ হলে ইউক্রেনের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনে আলোচনার সময় আমি অনেকটা সময় ব্যয় করেছি ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে তার সামরিক আগ্রাসন বন্ধের বিষয়টি নিয়ে। আমার আশা, এর মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে। তিনি আরও লেখেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, এটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রতি মাসেই হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন। এটি সম্পূর্ণ রক্তক্ষয়ী বিপর্যয়’।
ইউক্রেন যুদ্ধের সমঝোতামূলক অবসানের আহ্বান ট্রাম্প প্রায়ই জানিয়ে আসছেন। তবে ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধের কথা বলে তিনি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরের অঞ্চলগুলোকেও ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুতিনকে ঠিক কোন ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে বিভিন্ন দেশ মাঝেমধ্যে মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ তুলেছে।
বৃহস্পতিবার পরে আবারও পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে চান বলে নিজের বিশ্বাসের কথা জানান ট্রাম্প। তবে রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈরিতাকে আলোচনার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো ক্লাবে থ্যাংকসগিভিং ছুটি কাটানোর সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সমঝোতার পথে সবচেয়ে বড় সমস্যা হলো, দুই নেতা একে অপরকে সত্যিই ঘৃণা করেন’।
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের