মহারাষ্ট্রের নদীতে হাজারো মৃত মাছ, দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড জেলার ওয়ান নদীর একটি জলাশয়ে হাজারো মৃত মাছ ভেসে থাকতে দেখা গেছে। এর ফলে পানির সম্ভাব্য দূষণ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও খরায় জর্জরিত ওই অঞ্চলে পানিসংকট আরও প্রকট হওয়ার মধ্যেই নতুন করে এই শঙ্কা দেখা দিলো।

পারলি তহসিলের ওয়ান্টাকালি গ্রামের কাছে ওয়ান্টাকালি সেতুর পাশের একটি জলাশয়ে মৃত মাছগুলো ভাসতে দেখা যায়। প্রচণ্ড তাপ ও দীর্ঘক্ষণ সূর্যের আলো পড়ায় নদীর পানির স্তর ক্রমেই কমে আসছিল। মাছের গণমৃত্যুর ঘটনায় আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা গ্রামবাসীর ভোগান্তি বাড়িয়েছে।

পানির অবস্থার অবনতিতে খাবার পানির সরবরাহ হুমকির মুখে পড়তে পারে এবং নদীর পানির ওপর নির্ভরশীল গবাদিপশু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মাছ মরে যাওয়ার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট। গ্রামবাসীদের ধারণা, পানির স্তর কমে যাওয়া ও তাপমাত্রা বৃদ্ধির ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে নদীতে ইচ্ছাকৃতভাবে রাসায়নিক বা দূষিত পানি ফেলা হয়েছে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।

ঘটনাটি নজরে আসার পর পারলির তহসিলদার বিনোদ রানওয়ারে জানান, প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, আমরা এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও পরিবেশ বিভাগকে দ্রুত জানানো হয়েছে। তদন্তের পর ঘটনার কারণ স্পষ্ট হবে।

প্রাকৃতিক কারণে নাকি বাইরের দূষণে মাছগুলো মারা গেছে, তদন্তে তা খতিয়ে দেখা হবে। এর ফলাফল গ্রামবাসী, গবাদিপশু ও স্থানীয় পানির উৎসের সম্ভাব্য ঝুঁকি নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: ইন্ডিয়া টুডে