চীনের কিংবদন্তি কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের একটি বিশাল মূর্তি অপসারণ করেছে দেশটি। সোনায় মোড়ানো ওই ভাস্কর্যটির উচ্চতা ছিল ৩৭ মিটার (১২০ ফুট)। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই মূর্তিটি নির্মাণের কোনও অনুমোদন ছিল না।
চীনের হেনান প্রদেশের তোংজু কাউন্টির জোশিং গ্রামে সোনালী রঙের ওই মূর্তিটি বসানো হয়েছিল। ইস্পাত ও কংক্রিটের তৈরি মূর্তিটি নির্মাণে খরচ হয়েছে ৪ লাখ ৬০ হাজার ডলার। বিশাল অংকের ব্যয়নির্বাহে গ্রামবাসীর পাশাপাশি মূর্তিটি নির্মাণে স্পন্সর করেন মাও সেতুং-এর অনুসারী একদল ব্যবসায়ী।
৯ মাসের পরিশ্রম শেষে গত ডিসেম্বরে এর নির্মাণকাজ শেষ হয়েছে। মূর্তিটি দেখলে মনে হবে, মাও সেতুং এখনও দেশের জন্য চিন্তামগ্ন।
সাবেক এই কমিউনিস্ট নেতার মূর্তি নির্মাণের ঢের সমালোচনাও হয়েছে। সমালোচকরা বলছেন, পুঁজিবাদের বিরোধীপক্ষের এক নেতার স্মৃতি ধরে রাখতে অর্থ ঢালছেন পুঁজিবাদীরা।
কদিন আগেই বিপুল অংকের অর্থ ব্যয়ে কমিউনিস্ট নেতার মূর্তি নির্মাণের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনাম হয়। এরপরই এটি অপসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।
/এমপি/