তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রকে যা বললো চীন

তাইওয়ানের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিক লেনদেন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। তাইপের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তির জেরে বৃহস্পতিবার (১ জুন)  এ সতর্কতা জানায় বেইজিং। তারা বলেছে, বাণিজ্যের আড়ালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যে কোনও আদান-প্রদান বন্ধ করতে করতে হবে ওয়াশিংটনকে। 

গত বছরের আগস্টে একবিংশ শতাব্দীর বাণিজ্য নিয়ে মার্কিন-তাইওয়ান আলোচনা শুরু হয়। মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক থেকে তাইওয়ানকে বাদ দেওয়ার পর তাইপের সঙ্গে এমন আলোচনার মাধ্যমে যুক্ত ছিল ওয়াশিংটন।

গত মাসে বাণিজ্য উদ্যোগের প্রথম অংশে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছায়। এ অংশের মধ্যে শুল্ক, পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ছোট ব্যবসার উদ্যোগ অন্তর্ভূক্ত রয়েছে।

চুক্তিতে পণ্যের শুল্ক পরিবর্তনের বিষয় নেই বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। তবে এর মাধ্যমে মার্কিন-তাইওয়ান সম্পর্ক জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টিকে অবশ্য ভালো চোখে দেখছে না বেইজিং। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছে চীন। 

সূত্র: রয়টার্স