চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কর্তৃপক্ষের বরাতে জানায়, স্থানীয় সময় রবিবার বিকাল ৪টা ৫৯ মিনিটে তাইইউয়ানের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রবিবার রাত সাড়ে ৮টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এ সময় ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। রবিবার গভীর রাত পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
সোমবার বিকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে ৯ জন গুরুতর আহত।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।